সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

‘কিডস অ্যান্ড মমস’সহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘কিডস অ্যান্ড মমস’সহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীতে ‘কিডস অ্যান্ড মমস’সহ নয়টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এ জরিমানা করে।

 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপিবিএন ৫-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারহানা করিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

 

মো. সাইদুর রহমান রুবেল জানান, আজ দুপুরে বনানীতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার পণ্য মজুদ ও বিক্রয় করায় স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপক নাসিরুল কবিরকে এক লাখ ২৫ হাজার টাকা, মি. সুইটের ব্যবস্থাপক ইমাম হোসেনকে ১৮ হাজার টাকা, সেভ কিউজিন রেস্টুরেন্টের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলামকে ১৮ হাজার টাকা এবং বনানীর ফুটপাত দখল করে অবৈধভাবে ফুলের দোকান গড়ে তোলায় এসএ ফ্লাওয়ারের ব্যবস্থাপক শাহ আলম, ফ্লাওয়ার পেটেলের ব্যবস্থাপক শামীম, জুই পুস্প কলির ব্যবস্থাপক জাহাঙ্গীর, এবি ফ্লাওয়ার সেন্টারের ব্যবস্থাপক মো. আব্দুল হাফেজ এবং দোলন চাপার ব্যবস্থাপক আবুল বাশারকে সাত হাজার টাকা করে জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মোহাম্মদ সাজিদ আনোয়ার।

 

সাইদুর রহমান আরো জানান, বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস মজুদ এবং বিক্রি করার দায়ে গতকাল মঙ্গলবার দুপুরে চামেলিবাগের কিডস অ্যান্ড মমসের ব্যবস্থাপক মো. শামছুজ্জোহাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং বিএসটিআই অনুমোদনহীন কাপড় মজুদ এবং নিম্নমানের কাপড় বিক্রয় করায় গিজা ওয়েস্টের ব্যবস্থাপক মোরসালিন সিনহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারহানা করিম।

 

সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন ৫-এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সূত্র: এনটিভি