সিল্কসিটিনিউজ ডেস্ক :
ওজন ৫০০ কেজি। চলাফেরা তো দূরের কথা নড়াচড়াও অসম্ভব হয়ে উঠেছে মিশরের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ইমান আহমেদের। চিকিৎসার জন্য ভারতে আসতে চান তিনি। কিন্তু কিছুতেই মিলছিল না ভিসা। অবশেষে আশ্বাস মেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। ভিসা পেতে আর অসুবিধা থাকল না ইমানের।
৩৬ বছর বয়সী ইমানকে দ্রুত ভিসা দিতে পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন মুম্বাইয়ের ব্যারিয়াট্রিক সার্জন। সুষমা টুইটারে জানান, তিনি অবশ্যই সাহায্য করবেন। এরপরই কায়রোয় ভারতীয় দূতাবাস জানায়, ভিসা মঞ্জুর হয়েছে। আর কোনও সমস্যা নেই।

সুষমার হস্তক্ষেপের আগে ৫০০ কেজি ওজনের জন্য ইমানকে ভিসা দিতে অস্বীকার করা হয়। এরপর তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন চিকিৎসক।
জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। খাওয়া-দাওয়া, জামা-কাপড় বদলানোসহ সমস্ত দৈনন্দিন কাজের জন্যই ইমানকে তার মা ও বোনের ওপর নির্ভর করতে হয়।
এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার কারণেই সারা শরীর ফুলতে শুরু করে তার। ১১ বছর বয়স থেকেই বেশি ওজনের কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না মিশরীয় এই নারী। বাড়িতে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত। এরপর ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আর বিছানা ছাড়তে পারেননি তিনি।
সূত্র : সমকাল











