নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন ভুঁইয়ার ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি চেয়ারম্যান আব্দুল বাতেন ভুঁইয়া অভিযোগ করে বলেন, গত ৪ ডিসেম্বর নাটোর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই দেখে বিকেল সোয়া তিনটার দিকে তিনি শহরের কাঁঠালবাড়িয়া এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে তার সঙ্গীদের নিয়ে একটি হোটেলে খেতে গেলে সেখানে আগে থেকেই থাকা সাজু ,আশা,আব্দুল হাই সহ ৮/৯ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে মারপিট করে এবং তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান আহত হন। চেয়ারম্যানের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী পালিয়ে যায়।
এঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অবিলম্বে হামলাকারীদে গ্রেফতার করে বিচার দাবী করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
স/অ










