সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

চার দশকেও প্রণীত হল না যে আইন

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২০৮ মিনিট পড়া
চার দশকেও প্রণীত হল না যে আইন

কক্সবাজারের একটি বেসরকারি কলেজে বিএ পড়ছে সালেম (ছদ্মনাম)। মাস্টার্স শেষ করে একটা ভালো চাকরি পাওয়া বা দেশের বাইরে চলে যাওয়া তার লক্ষ্য। কুতুপালং রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে জন্ম ও বেড়ে ওঠা সালেম ক্যাম্পের ভেতর ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে থেমে থাকতে চায়নি (একসময় ক্লাস ফাইভ ছিল ক্যাম্পের ভেতর লেখাপড়ার সর্বোচ্চ পর্যায়)।

এদিকে ক্যাম্পের সার্টিফিকেটের কোনো মূল্য বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। অবশেষে তার বাবার ঘনিষ্ঠ ক’জন স্থানীয় (বাংলাদেশি) মুরুব্বির সহায়তায় ভর্তির সুযোগ পায় উখিয়ার একটি সরকারি স্কুলে। কিছুদিনের মধ্যে তার রোহিঙ্গা পরিচয় ও নকল জন্মনিবন্ধন সনদের কথা প্রকাশ পেয়ে যায়। স্কুল থেকে বহিষ্কার করা হয় তাকে। কিন্তু হাল ছেড়ে দেয়নি সালেম।

স্থানীয়দের সহায়তা ও উৎকোচের জোরে কয়েক মাসের ব্যবধানে সে সফল হয় ‘জেনুইন’ এনআইডি ও জন্মনিবন্ধন সনদ লাভে। দু’টোতেই তার বায়োলজিক্যাল মা-বাবার নাম রয়েছে। ঠিকানা? কুতুপালংয়ের একটি গ্রাম।

যে রোহিঙ্গা পরিচয়ের কারণে একদিন স্কুল থেকে বের হয়ে যেতে হয়েছিল, তার ‘বাংলাদেশি’ নাগরিকত্ব সেই রোহিঙ্গা পরিচয় ঘুচিয়ে দিল অনায়াসে। এবার সে ভর্তি হয় অন্য একটি স্কুলে। সম্পন্ন করে এসএসসি, এইচএসসি। তারপর কক্সবাজারের একটি কলেজে বিএ ক্লাসের ছাত্র হিসেবে অধ্যয়ন।

কক্সবাজারের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হানিফ (ছদ্মনাম) একদিক দিয়ে সালেমের চেয়ে কিছুটা ভাগ্যবান। কারণ শরণার্থীদের দেখাশোনার ভার ন্যস্ত এরকম একটি আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সে শিক্ষাবৃত্তি পায়। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে তার রোহিঙ্গা পরিচয় অপ্রকাশ্য থাকলেও সংস্থাটির কাছে তা প্রকাশ্য। মোটামুটি কঠোর নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে সাক্ষাৎকার দিয়ে যোগ্যতা প্রমাণ করে তবেই বৃত্তি পাওয়ার জন্য সে মনোনীত হয়েছে।

বৃত্তির পরিমাণ মাসে ৬৫০০ টাকা। এ টাকা তার হাতখরচ, কুতুপালং-কক্সবাজার যাতায়াত খরচ ইত্যাদির জন্য। সংস্থাটি হানিফের টিউশন ফি পরিশোধ করে আলাদাভাবে।

বিশ্ববিদ্যালয়ে হানিফ যে বিভাগের ছাত্র, সে বিভাগের সঙ্গে আলোচনাসাপেক্ষে টিউশন ফি পরিশোধের একটি ‘উপায়’ বের করা হয়েছে; কিন্তু সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, যদি হানিফের রোহিঙ্গা পরিচয় প্রকাশ পাওয়ার জের ধরে ওই প্রতিষ্ঠান তাকে বের করে দেয়, তখন হানিফের পাশে এ সংস্থা দাঁড়াবে না। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহের কারণে হানিফ বাধ্য হয়েছে এহেন ঝুঁকি গ্রহণে।

বাস্তবে রোহিঙ্গা। কাগজে-কলমে বাংলাদেশি। শুধু হানিফ নয়, তার ক’জন ঘনিষ্ঠ বন্ধুও একই শর্তে একই ঝুঁকিতে একই ধরনের বৃত্তি নিয়ে একই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।

হানিফ ও সালেমের মতো খায়রুনেরও (ছদ্মনাম) জন্ম কুতুপালং শরণার্থী ক্যাম্পে। ক্যাম্পের স্কুলেই তার হাতেখড়ি। এরপর এনআইডি ম্যানেজ করে কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর সে ভর্তি হয় কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। লক্ষ্য অ্যাডভোকেট হওয়া।

স্কুলে থাকতে স্কাউটের সঙ্গে জড়িত হয়ে প্রমাণ করে নিজের দক্ষতার। কাজ করে কক্সবাজারে ম্যাথ, ফিজিক্স ও ইংলিশ অলিম্পিয়াড আয়োজকদের একজন হয়ে। কক্সবাজারের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করা, কলেজে পড়ার সময় প্রথম আলোর বন্ধুসভার জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার মাধ্যমে বিস্তৃতি ঘটে তার সামাজিক যোগাযোগের।

এরপর ওবেট হেলপার্স, ডিইসি, রেডক্রস, এসিএফ এবং ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্সের সঙ্গে কখনও অনুবাদক, কখনও ভয়েস আর্টিস্ট, কখনও সহকারী গবেষক এবং মনোসামাজিক সহায়তা প্রদানকারী হিসেবে কাজ করে যখন ওপরে ওঠার ভিত্তি অনেকখানি মজবুত হয়ে এসেছে, তখনই ঘটল দুর্ঘটনাটি। তাকে নিয়ে ২০১৮ সালে এএফপি এবং ডয়েচে ভেলের সাংবাদিকদের ধারণকৃত ভিডিও সাক্ষাৎকার প্রচার হয় মিডিয়ায়।

২০১৯-এর সেপ্টেম্বরে তার বিশ্ববিদ্যালয় তাকে বরখাস্ত করে। রোহিঙ্গা পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপরাধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এরপর হুমকি আসতে থাকে তার কাছে কিডন্যাপিং, মেরে লাশ মিয়ানমারে পাঠিয়ে দেয়া, গ্যাংরেপসহ নানা ধরনের হুমকি।

এর কয়েক মাস পর সেই বিশ্ববিদ্যালয় থেকে ফোনে তাকে জানানো হল সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে তাকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নিতে; কিন্তু কবে সে আবার ক্লাস শুরু করবে, তা জানার অপেক্ষায় থাকতে থাকতেই বেশ ক’টি সেমিস্টার চলে গেল।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে রোহিঙ্গা ক্যাম্পে গবেষণা করতে গিয়ে উপরের ঘটনাগুলোর পাত্রপাত্রীর সন্ধান মেলে। বাংলাদেশি প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের শিক্ষা গ্রহণের নিষেধাজ্ঞা থাকলেও তা এড়িয়ে রোহিঙ্গারা যে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতো ও সেখান থেকে সনদ লাভ করতে সক্ষম, তারই উদাহরণ এ ঘটনাগুলো।

এ তালিকা আরও লম্বা করা সম্ভব। এমন ভাবার কোনো কারণ নেই যে, কেবল গবেষক আর এনজিও কর্মীরাই এ ঘটনাগুলো জানেন। ক্যাম্প কর্তৃপক্ষ শুধু যে অবগত তা-ই নয়, বরং মানবিক কারণে জেনেও না জানার ভান করে থাকেন। তাহলে কেন এ নিষেধাজ্ঞা, কেনই বা জেনে না জানার ভান? উত্তরটি সহজ। বাংলাদেশে শরণার্থীবিষয়ক আইনের অনুপস্থিতি।

শুধু শিক্ষা নয়, শরণার্থী আইন না থাকায় রোহিঙ্গাদের জীবনের প্রতিটি ক্ষেত্র যেমন বিরূপভাবে প্রভাবিত হচ্ছে, তেমনি এর যন্ত্রণা সইতে হচ্ছে বাংলাদেশকেও। একদিকে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের জীবনকে কেউ কেউ ‘অমানবিক’, ‘মানবেতর’ বিশেষণে বিশেষায়িত করতে গিয়ে ভুলে যাচ্ছেন যে, আইনগত কাঠামোর অভাবে রোহিঙ্গাদের জন্য কী কী করা হবে, কতটুকু করা হবে, কীভাবে করা হবে- এসব নির্ণয় করা বাংলাদেশের পক্ষে দুঃসাধ্য।

অপরদিকে শরণার্থীদের দেখাশোনার ভার সরকারিভাবে যাদের ওপর ন্যস্ত, আইনগত কাঠামো না থাকার বিষয়টি তাদের কারও কাছে এক মহাসুযোগ শরণার্থীদের মানবাধিকার রক্ষা হচ্ছে কি-না সে প্রশ্নের উত্তরে সরকারের প্রতিনিধি অনায়াসে বলতে পারেন- এটি সরকারের অগ্রাধিকারমূলক বিষয় নয়। আবার কারও কাছে অবশ্য মানবিকতার কারণ জেনেও না জানার ভান করে থাকার বিষয়।

এ দেশে একসঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গা আগমনের তিন বছর পূর্তিতে তাই যে প্রশ্নটি অবধারিতভাবে চলে আসে, তা হল কেন বাংলাদেশে শরণার্থী আইন নেই? গণহত্যা বা নৃগোষ্ঠী নিধনের ফলে নিজ দেশ ছেড়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের তিন বছর পার হলেও প্রকৃত হিসাবে পার হয়ে গেছে চার দশক। এতগুলো বছর বাংলাদেশ শরণার্থী প্রতিপালন করছে কোনো আইনগত কাঠামো ছাড়া। কয়েকদিন পরপর ‘প্রত্যাবাসন’ শব্দটি নিয়ে এক-আধটু দৌড়ঝাঁপ, সংলাপ বিনিময়, চিঠি চালাচালি হয় বটে, তবে তা অতটুকু পর্যন্তই।

১৯৭৮ সালে প্রথম আসা রোহিঙ্গাদের তৃতীয় প্রজন্ম বাস করছে এখন বাংলাদেশে। শরণার্থী আইন না করার পক্ষে কিছু খোঁড়া যুক্তি জনপ্রিয় করার প্রয়াস সব সরকারের আমলেই ছিল। তার একটি হল, বাংলাদেশ যেহেতু শরণার্থী প্রেরণকারী দেশের প্রতিবেশী, আরও শরণার্থীকে প্রতিবেশী দেশ থেকে আকৃষ্ট করতে চায় না বলে বাংলাদেশ এ বিষয়ক আইন প্রণয়ন করতে অনিচ্ছুক। এ তত্ত্বের অসাড়তা সময় প্রমাণ করেছে। ২০১৬-১৭ সালে বাঁধভাঙা ঢেউয়ের মতো রোহিঙ্গারা প্রবেশ করলে বাংলাদেশ কিন্তু মিয়ানমারের মতো নৃশংস হয়নি, বরং সীমান্ত খুলে দিয়েছে, আশ্রয় দিয়েছে।

আবার কেউ কেউ মনে করেন, ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন ও ১৯৬৭ সালের প্রটোকলে স্বাক্ষর না করার কারণে দেশীয় আইন প্রণয়ন করতে পারছে না বাংলাদেশ। যুদ্ধোত্তর ইউরোপিয়ান রাজনৈতিক মতাদর্শে আজ থেকে সত্তর বছর আগে প্রণীত কনভেনশনকে উন্নয়নশীল বাংলাদেশে প্রবেশ করা শরণার্থী ব্যবস্থাপনায় কার্যকর ভাবার খুব একটা যুক্তি নেই।

তাই শরণার্থী ব্যবস্থাপনার চার দশকের অভিজ্ঞতা মাথায় রেখে এবং বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর শরণার্থী আইন পর্যালোচনা করে বাংলাদেশের বাস্তবতার আলোকে শিগগিরই শরণার্থী আইন প্রণয়নের কাজ শুরু করা উচিত। সেজন্য ধারণা নেয়া যেতে পারে তুরস্ক কিংবা উগান্ডার মতো দেশের শরণার্থী আইন থেকে।

দক্ষিণ সুদান থেকে উগান্ডায় আসা শরণার্থী ও সিরিয়া থেকে তুরস্কে আসা শরণার্থী ব্যবস্থাপনায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, তা মানবাধিকার রক্ষার পাশাপাশি আশ্রয়দাতা দেশের মানুষ ও শরণার্থীদের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করছে। বছরের পর বছর শিক্ষাহীন-কর্মহীন অবস্থায় ক্যাম্পে ফেলে রাখা ও নাগরিকত্ব জালিয়াতির সুযোগ দেয়ার মাঝে তারা সমস্যার সমাধান খোঁজেনি। নিজেদের প্রেক্ষাপটে প্রণীত শরণার্থী ও অভিবাসী আইনের বাস্তবায়নে তারা সমস্যা মোকাবেলার চেষ্টা করেছে।

২০১৯ সালের ২৪ আগস্ট রোহিঙ্গা সমাবেশের পর অনেক তত্ত্ব ও বক্তব্য প্রচারের মাধ্যমে রোহিঙ্গাদের ‘আর্স্পধা’ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে অনেকে, তাদের মাঝে যোগাযোগ বন্ধের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ক্যাম্পসংলগ্ন এলাকায়, সংশ্লিষ্ট সরকারি দফতরে দায়িত্বহীনতার অভিযোগ রদবদলও হয়েছে। তবু শরণার্থী আইনের প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ দেয়া হয়নি।

বিশ্বের বিভিন্ন দেশে ‘শরণার্থী’ পরিচয় উল্লেখ করে পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই পরিচয়পত্র নিয়ে তারা আশ্রয়দাতা দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে আইনগতভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করে। অথচ চার দশক ধরে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীরা আইনি কাঠামোর অভাবে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ইত্যাদি বিষয়ে অধিকার আদায়ের জন্য ‘বাংলাদেশি’ হিসেবে মিথ্যা পরিচয় তৈরি করতে বাধ্য হয়।

এর পরিণাম সহজেই অনুমেয়। শুধু শিক্ষার কথাই যদি বলা হয়, রোহিঙ্গাদের বিরত রাখা যায়নি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করা থেকে, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় স্বেচ্ছাসেবী বা বেতনভুক্ত কর্মী হিসেবে কাজ করা থেকে।

স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে একই চিত্র পাওয়া যাবে। জাতীয় শরণার্থী আইন প্রণয়নে কেন তাহলে উদ্যোগ নেয়া হচ্ছে না?

সীমিত সম্পদের জনবহুল দেশ হয়েও মানবিকতার কারণে ১.১ মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দেয়াটা কৃতিত্বের বটে। তবে সেই কৃতিত্ব ধরে রাখা সম্ভব হবে তখন, যখন প্রত্যাবাসন বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত শরণার্থী আইনের আওতায় তাদের অধিকার রক্ষার এবং স্থানীয় জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করা যাবে।

ড. ইশরাত জাকিয়া সুলতানা : সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ; গবেষক, সেন্টার ফর পিস স্টাডিজ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়

 

সূত্রঃ যুগান্তর