নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ঢাকার এক দম্পতি মোটরসাইকেলে করে দেশের ৬৪টি জেলা ঘুরে দেখছেন এবং নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শনিবার ওই দম্পতি রাজশাহীর বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখেন এবং ছবি তোলেন। তাদের এ ভ্রমণে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
ওই দম্পতি হলেন- ঢাকার মিরপুরের আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী চৌধুরানী দিপালী আহমেদ। তারা ইতিমধ্যেই ২৮টি জেলা ঘুরে রাজশাহীতে পৌঁছেন। ২৯তম জেলা হিসেবে রাজশাহী ঘুরে আজ সকালেই তারা নাটোরের উদ্দেশে রওনা দেন।

আলমগীর ও দিপালী জানান, তারা কেবল ভ্রমণ করছেন না সংশ্লিষ্ট জেলার প্রশাসকের সাথে মতবিনিময়ও করছেন। এছাড়া কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা পর্যটন বিষয়ে নানান তথ্য শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করছেন। এরই অংশ হিসেবে তারা গতকাল রাজশাহীর ডিসি কাজী আশরাফ উদ্দিনের সাথে সাক্ষাত করেন। এরপর তারা রাজশাহী কলেজের শিক্ষার্থীদের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
নিজ জেলা ঢাকা সফরের মধ্য দিয়ে শেষ হবে তাদের এই কর্মসূচি। ব্যতিক্রম এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে তারা নিজেদেরকে ধন্য মনে করছেন বলেও জানান। তারা আশা করেন তাদের এ উদ্যোগ পর্যটন শিল্পে বিকাশে সহযোগিতা করবে।
স/শ










