গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী কলেজের ৫ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর আর্থিক সহায়তায় শনিবার দুপুরে গোদাগাড়ী কলেজের হল রুমে এই বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলো, স্নাতক শ্রেণীর সুফিয়া খাতুন, একাদশ শ্রেণীর নাসিম, জুয়েল রানা, নেকসাদ আলী ও আব্দুল্লাহ্।

গোদাগাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোদাগাড়ী কলেজের উপাধ্যক্ষ উমরুল হক, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান এবিএম কামারুজ্জামান বকুল, সহকারী অধ্যাপক আলহাজ্ব মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোদাগাড়ী কলেজ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষালাভের বিশেষ সুবিধার জন্য নানানভাবে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে থাকে। কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট গত ২০১৪ সাল থেকে আমাদের কলেজের দরিদ্র মেধাবীদের আর্থিক সহায়তা করে আসছে। এছাড়াও আরও অন্যান্য সংস্থার কাছে আমরা আবেদন করে কলেজের শিক্ষার্থীদের শিক্ষালাভের বিশেষ সুবিধা করে থাকি। যাতে করে কোন শিক্ষার্থী টাকার অভাবে পড়া-লেখা বন্ধ না হয়ে যায়।
বক্তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, গোদাগাড়ী কলেজ জাতীয়করণের আওতায় আনা হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে অনার্সসহ অন্যান্য শিক্ষা অল্প খরচে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে।
স/শ










