নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে অবৈধ অস্ত্র রাখার অপরাধে হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পরানশিয়া গ্রামের মোহাম্মাদ আছু প্রামানিকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার গুরুদাসপুর থানা পুলিশ ২০১২ সালের ৪ আগষ্ট অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় বিভিন্ন যানবাহন অভিযান শুরু করে। তল্লাশীকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহণে তল্লাশির সময় হাবিবুর রহমান নামে এক যুবেকর শরীরে বিশেষ কায়দায় রাখা দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারার অপরাধে গুরুদাসপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক ওসমান গণি বাদী হয়ে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম তাকে ১৭বছরের কারদণ্ড প্রদান করেন।
নাটোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, মামলার রায়ে দৃষ্টান্তমুলক শাস্তি হওয়ায় রাষ্ট্রপক্ষ খুশি।
স/অ










