নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে এক সপ্তাহের জন্য সকল রাজনৈতিক মিছিল ও সমাবেশ বন্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে রাজশাহী কলেজে ছাত্রলীগ এবং ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

রাজশাহী কলেজ উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী কলেজে সকল রাজনৈতিক মিছিল ও সমাবেশ বন্ধের কথা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, আজকের এ অপ্রতিকর ঘটনার পর কলেজে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে। এমন পরিস্থিতির কারনে কলেজে এক সপ্তাহের জন্য রাজনৈতিক মিছিল ও সমাবেশ বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রলীগের মিছিলের শ্লোগানকে কেন্দ্র করে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী কলেজে ছাত্রলীগ এবং ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুলার ভবনের পাশে বাগানে লাঠিসোটা নিয়ে প্রায় ২০ মিনিট দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। কলেজের শিক্ষার্থীরা দিকবেদিক ছোটা শুরু করে।
এসময় পরিস্থিতি দেখতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সেখানে পৌছালে তিনিও লাঞ্চিত হন।
এছাড়াও এ ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আরজু সরকার এবং সম্মান কোর্সে ভর্তিচ্ছু আলী রয়েছে। পরে আরজুকে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের কর্মীরা। পুলিশ তাকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
পরবর্তীতে শিক্ষার্থীদের নিরাপত্তায় সোমবারের ক্লাস বর্জনের ঘোষনা দেয়া হয় কলেজ কর্তৃপক্ষ থেকে।
স/অ










