নিজস্ব প্রতিবেদক,নাটোর:
ইউনিয়ন নাগরিকত্ব সনদপত্র না পাওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউপি সচিব নজুমল ইসলাম ও ইউপি সদস্যদের লাঞ্চিত করেছে ছাত্রলীগ কর্মীরা। এসময় ইউনিয়ন পরিষদের ফাইলপত্র তছনছ ও ভাংচুর করা হয়। রোববার দুপুর ১টার দিকে মাধনগর ইউপি অফিসে এই ঘটনা ঘটে।
মাধনগর ইউপি সচিব নজমুল ইসলাম ও ইউপি সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় জানান, রোববার দুপুরে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম শামিমসহ ৬/৭ জন পরিষদে এসে নাগরিকত্ব সনদপত্র চান। কিন্তু, চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় এবং ওই নাগরিকত্ব সনদপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর না থাকার কারনে ফাঁকা সনদপত্র না দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পরিষদের ফাইলপত্র তছনছসহ তাদের শারিরীক ভাবে লাঞ্চিত করেন এবং ভাংচুর করেন। এসময় অন্য সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও লাঞ্চিত করেন তারা। বিষয়টি তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান ও নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তারা জানান।
মাধনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি শোনার পর থানাকে অবহিত করা হয়েছে। আইনগত ভাবেই এর ব্যবস্থা নেওয়া হবে।

মাধনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শামিম উল্টো অভিযোগ করে জানান, মোবাইল ফোনে চেয়ারম্যানের কথামত পরিচয়পত্র চাইতে গিয়ে সচিব ও ইউপি সদস্যরা তাদের সাথে অশোভন আচরণ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সচিব ও ইউপি সদস্যদের লাঞ্চিত করার ঘটনা সঠিক নয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান এবং ফাইলপত্র তছনছ অবস্থায় দেখতে পান। চেয়ারম্যানের স্বাক্ষরিত পরিচয়পত্র না পেয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। তবে এই বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/শ










