সিল্কসিটিনিউজ ডেস্ক:
জীবন্ত ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার সঙ্গে প্রয়াত কিউবান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর হৃদ্যতার কথা কমবেশি সবাই জানেন। তবে ম্যারাডোনার জীবনে আসা এক ভয়াবহ সময় তিনি অতিক্রম করতে পেরেছিলেন কেবল ফিদেলের কারণেই। মাদকাসক্তি যখন ক্রমেই শেষ করে ফেলছে ম্যারাডোনাকে তখন বন্ধুর মমতাময় সান্নিধ্য-প্রেরণা-সহায়তা পেয়েছিলেন তিনি। পেয়েছিলেন দ্বিতীয় জীবন। তাই কিউবার অবিসংবাদিত নেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ম্যারাডোনা।

প্রথমবারের মতো ১৯৮৬ সালে কিউবা সফর করেন আর্জেন্টিনার ফুটবলে এক ঝড়ের মতো আসা ফুটবলার ম্যারাডোনা। দেশটির দ্বিতীয় এবং এ পর্যন্ত সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর তার এ সফর অনুষ্ঠিত হয়। কাস্ত্রোর সঙ্গে দেখা করে অভিভূত হন ম্যারাডোনা। এখানেই শেষ নয়। ক্যারিবিয়ান দ্বীপ যেন বারবার তাকে ডেকেছে বন্ধু ফিদেলের হয়ে, তিনিও বারবার সাড়া দিয়েছেন। প্রেসিডেন্টের জন্য উপহার হিসেবে তিনি ফুটবল আর শার্ট নিয়ে যেতেন। শুক্রবার ৯০ বছর বয়সী এ নেতার জীবনাবসান হয়েছে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ফিদেলের মৃত্যুর খবর প্রকাশের পর শনিবার ফেসবুকে এই বিপ্লবীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করার পাশাপাশি শোক প্রকাশ করেছেন ম্যারাডোনা। বলেছেন, তার স্মৃতিতে কাস্ত্রো চিরন্তন। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, কাস্ত্রোকে পিতার পরই সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন ম্যারাডোনা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য গোল বলছে, বিপ্লবী কাস্ত্রোর সঙ্গে ফুটবল প্রতিভা ম্যারাডোনার সম্পর্কের রসায়নটা সর্বোচ্চ বিন্দুতে মিলিত হয়েছিল। ম্যারাডোনার এক ক্রান্তিলগ্নের কথা সবারই কমবেশি জানা। জীবনের একটা পর্যায়ে মাদকাসক্ত হয়েছিলেন তিনি। মাদক সংক্রান্ত সমস্যার কারণে ম্যারাডোনা একটা ভয়ঙ্কর অবস্থায় ছিলেন। পুনর্বাসনের জন্য তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল।
ফিদেল কাস্ত্রো দেখলেন কিউবান হেলথ সার্ভিসে ভালো সুযোগ রয়েছে। পুরো আফ্রিকা মহাদেশের চেয়ে সেখানে বহু যোগ্যতাসম্পন্ন চিকিৎসকরা রয়েছেন। বন্ধুর ব্যবহারের জন্য তিনি পদক্ষেপ নিলেন। তৈরি করলেন লা পেদরেরা নামের ক্লিনিক। ওই সময়ে যারা ম্যারাডোনার ঘনিষ্ঠ ছিলেন তারা এটা স্বীকার করবেন যে, মূলত কাস্ত্রোর হস্তক্ষেপেই তখন তার প্রাণরক্ষা হয়েছিল। সম্ভবত সে কারণেই কাস্ত্রোকে দ্বিতীয় পিতার মর্যাদা দিলেন ম্যারাডোনা।
কাস্ত্রোকে নিজের বন্ধু এবং পরম বিশ্বস্ত উল্লেখ করে ম্যারাডোনা লিখেছেন, ‘কাস্ত্রো সেই ব্যক্তি যিনি আমাকে পরামর্শ দিতেন। তিনি সেই ব্যক্তি, যিনি হরহামেশাই আমাকে ফোন করতেন রাজনীতি, ফুটবল, বেসবল নিয়ে কথা বলার জন্য’।
সূত্র: বাংলা ট্রিবিউন










