নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে নারী-পুরুষ অঙ্গীকারবদ্ধ হোন’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।
শনিবার সকালে এসিডি’র সাগরপাড়া সংলগ্ন প্রধান অফিস থেকে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর মানববন্ধনে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
এছাড়াও অংশ নেন এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, এইচ আর ম্যানেজার শাহিনুর আলম, প্রকল্প সমন্বয়কারী খোন্দকার এহসানুল আমিন, মনিররুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল আলম মন্ডল, আহসান উল্লাহ সরকার, মোস্তফা কামাল আব্বাস সিদ্দিক, মোহায়মেনুল হক, রায়হানুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সহিংসতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। পাশাপাশি নারীবান্ধব সমাজ গঠনে সকলের সহযোগিতার আহবান জানানো হয়।
স/শ










