সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হারিকেন ‘ওটটো’ নিকারাগুয়ায় আঘাত হেনেছে

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
হারিকেন ‘ওটটো’ নিকারাগুয়ায় আঘাত হেনেছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হারিকেন ‘ওটটো’ নিকারাগুয়ায় আঘাত হানতে শুরু করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক এই ঝড়টি প্রথম আঘাত হানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এখন এটি প্রবল বেগে লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়।

 

এর আগে প্রবল বেগে ধেয়ে যাওয়া হারিকেন ‘ওটটো’র প্রভাবে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস দেশবাসীকে  সতর্ক থাকার পরামর্শ দেন।

 

হারিকেনে রূপান্তরিত হওয়া মৌসুমি ঝড়টি বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। ওই সময় পাওয়া সবশেষ খবর অনুযায়ী কোস্টারিকার বন্দর নগরী লিমন থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঝড়টি।

 
এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ‘ওটটো’। এতে তিনজন নিহত হন ও অন্তত চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

সূত্র: বাংলা নিউজ