
সিল্কসিটিনিউজ ডেস্ক:
সারা পৃথিবীর মানুষের সামনে করোনা নামক রোগটি যমদূত হিসেবে আবির্ভূত হয়ে ইতোমধ্যে প্রায় দেড় লাখ মানুষের প্রাণ সংহার করেছে! পৃথিবীব্যাপী মানবসমাজের এমন অসহায়ত্ব, এমন বিপর্যয় এর আগে আর কখনও দেখা যায়নি! কারণ, আগের মহামারীগুলোয় প্রচুর প্রাণহানি হলেও, তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েনি।

শত শত বছর আগে প্লেগ, স্প্যানিশ ফ্লু ইত্যাদি রোগে লাখ লাখ মানুষ মারা গেলেও সেসব ঘটনা আশপাশের কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমাদের দেশেও শতবর্ষের ইতিহাসে কলেরা ও গুটি বসন্তে প্রচুর মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলেও বাংলার মানুষ বিশ্ব কাঁপানো এমন ভয়ংকর মরণব্যাধি কখনও প্রত্যক্ষ করেনি।
এ অবস্থায় আমরা যখন শত শত বছরের শোষণ-বঞ্চনা শেষে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াচ্ছিলাম সেই মুহূর্তে এমন একটি মরণব্যাধি সারা দুনিয়ার সঙ্গে আমাদেরকে কোথায় নিয়ে ফেলবে, বর্তমানে সেই বিষয়টিরও কূলকিনারা পাওয়া যাচ্ছে না! তবে সরকার যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে দেশের সর্বস্তরের জনসাধারণ যদি সচেতনতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেন, পেশাজীবী সংগঠনগুলো যদি তাদের দায়িত্ব-কর্তব্য পালনে ব্রতী হয়, তাহলে বাংলাদেশ আবারও পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলেই আমার বিশ্বাস।
বর্তমান অবস্থায় আমাদের মনে রাখতে হবে, আমরা হার মানা জাতি নই। করোনার সঙ্গে যুদ্ধ করে সে যুদ্ধেও আমরা জয়লাভ করব তেমন চিন্তা-চেতনা নিয়ে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হলে মরণব্যাধি করোনাকেও আমরা হার মানাতে পারব ইনশাআল্লাহ। আমাদের মনে রাখা প্রয়োজন, করোনার বিরুদ্ধে লড়াই করার প্রথম কাতারের সৈনিক হলেন দেশের ডাক্তার সম্প্রদায়।
ডাক্তার-নার্সসহ দেশের স্বাস্থ্য বিভাগের সব শ্রেণির কর্মীরা যদি যুদ্ধকালীন ইমার্জেন্সি বিবেচনায় দেশের মানুষের পাশে থাকেন, আর তারা যদি কাজের অনুকূল পরিবেশসহ সঠিক দিকনির্দেশনা তথা নেতৃত্ব পান, তাহলে বাংলাদেশ আরও একটি বিজয় অর্জন করতে পারবে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসক সমাজ তাদের কাজের অনুকূল পরিবেশসহ সঠিক নির্দেশনা ও নেতৃত্ব পাচ্ছেন এবং পাবেন।
কারণ, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বয়ং নিরলস পরিশ্রমের মাধ্যমে এ বিষয়ে দিন-রাত কাজ করে চলেছেন। তার ত্যাগ-তিতিক্ষা এবং নিরলস প্রচেষ্টার ফলে অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে মাথা তুলে দাঁড়াচ্ছিলাম, করোনাভাইরাস মোকাবেলা করেও আমরা সেভাবে ঘুরে দাঁড়াব।
তবে এ ক্ষেত্রে দলের একশ্রেণির নেতাকর্মী দরিদ্র মানুষের মুখের গ্রাস রিলিফের চাল পর্যন্ত যেভাবে চুরি করছে, ভয়টা সেখানেই! আর এ বিষয়টি দলীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ভালোভাবেই তুলে ধরেছেন। সম্প্রতি তিনি নিজদলীয় এই শ্রেণির নেতাকর্মীদের দলের জন্য ভয়ংকর হিসেবে উল্লেখ করে সাবধান বাণীও উচ্চারণ করেছেন।
আবার মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় প্রতিদিনই এই শ্রেণির নেতাদের বিরুদ্ধে সাবধান বাণী উচ্চারণ করে চলেছেন। কিন্তু তা সত্ত্বেও ভয়টা কিন্তু থেকেই যায়। কারণ, আমাদের যাদের বয়স সত্তরের কোঠায়, তাদের কেউই বঙ্গবন্ধুর সেদিনের সেসব সাবধান বাণীর কথা ভুলে যাইনি। যেমনটি তিনি বলেছিলেন, ‘মানুষ পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’, ‘আমার কম্বলটি গেল কোথায়’ ইত্যাদি।
আমাদের ভয়ের কারণ সেদিনের বঙ্গবন্ধুর সেসব সাবধান বাণী সত্ত্বেও কম্বল চোরেরা কিন্তু থেমে থাকেনি, বরং জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তে দেশে যখন অন্ন-বস্ত্র-চিকিৎসা সংকটে মানুষের দুর্দশা চরমে পৌঁছেছিল, তখনও বঙ্গবন্ধু দরিদ্র মানুষের জন্য যেসব ত্রাণসামগ্রী জোগাড় করতেন, একশ্রেণির দলীয় নেতা তা লোপাট করত!
বর্তমানেও সেসব নেতা বা তাদের প্রেতাত্মারা একই কাজ করে চলেছে। নইলে এ সময়েও দরিদ্র মানুষের মুখের গ্রাস চুরির মতো ঘটনা ঘটত না। এসব নেতার কারণেই এখনও অনেক এলাকায় সরকারি ত্রাণসামগ্রীর ছিটেফোঁটাও পৌঁছেনি। ফলে দেশের দিন এনে দিন খাওয়া দরিদ্র মানুষ এক মাস কর্মহীন অবস্থায় ঘরে থেকে অভুক্ত অবস্থায় বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
আর আশ্চর্যজনক ঘটনা হল, এসব মানুষের জন্য সরকার এত চাল, রিলিফ বরাদ্দ করা সত্ত্বেও এখন পর্যন্ত দেশের অনেক এলাকার দরিদ্র নিরন্ন মানুষের কাছে তা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে! অথচ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা নেতাদের দিনরাত বলতে শোনা যাচ্ছে, দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু বর্তমানে আমি পাবনার যে এলাকায় অবস্থান করছি, সেখানকার মানুষ আজ, এই মুহূর্ত পর্যন্ত কোনো প্রকার সরকারি সাহায্য পাননি!
এ কথাটি আমি আগেও বলেছি, এখনও বলছি। ইচ্ছা করলে ত্রাণ প্রতিমন্ত্রী বিষয়টি তদন্ত করে দেখতে পারেন। এ অবস্থায় এখানে খানিকটা জোরালোভাবেই বলতে চাই যে, ত্রাণ বিতরণের ক্ষেত্রে সরকারের কথা ও কাজের কিন্তু মিল থাকছে না! এখন কী কারণে এমনটি হচ্ছে সে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাহেব ভেবে দেখতে পারেন।
আসল কথা হল, একশ্রেণির নেতা এখনও তাদের অতীত চরিত্র পাল্টাতে পারেনি। কারণ, কথায় আছে না, ‘কয়লা ধুলেও ময়লা যায় না!’ অন্যথায় স্বাধীনতার পর চুয়াত্তর পর্যন্ত দেখা গেছে, একশ্রেণির যুবনেতা যাদের চরিত্র বলতে কিছু ছিল না; দলের নামে, দলীয় পরিচয়ে যারা চাঁদাবাজি, লুটতরাজ, জোরজবরদস্তি, এমনকি খুন-খারাবির মতো চরম অরাজকতা, চরম বেআইনি কার্যকলাপের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করেছিলেন, তাদের অনেকেই কিন্তু নিজেদের দলীয় পুরাতন ব্যক্তি বা নেতা পরিচয়ে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়ে আবারও অপকর্ম চালিয়ে যাচ্ছেন!
দেশ ও জাতির এই দুর্যোগের মুহূর্তেও তারা দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরিসহ নানা কিসিমের অপকর্ম করে চলেছেন। প্রায় পঞ্চাশ বছর আগে যুব বয়সে তারা যেসব অপকর্ম, অপরাধে সিদ্ধহস্ত ছিলেন, আজ আবারও তারা ও তাদের শিষ্যরা দলের ক্ষতি করার জন্য সেসব অপকর্ম করতে সক্রিয় হয়ে মাঠে নেমেছেন!
কারণ, এসব নেতার সিংহভাগই মানসিকভাবে বিকলাঙ্গ। আর এই বিকলাঙ্গ নেতারা জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে পুনরায় তাদের নিজ চেহারা জাহির করে চলেছেন! দলীয় হাইকমান্ড এবং বঙ্গবন্ধুকন্যা তাদের জানেন বা চেনেন কি না, বলতে পারব না। তবে, বয়স্ক দেশপ্রেমিক বঙ্গবন্ধু ভক্তদের সবাই কিন্তু এসব নেতাকে জানেন ও চেনেন।
দলীয় হাইকমান্ড যদি এই চাল চোরদের জানতে বা চিনতে চায় বা ধরতে চায়, তাহলে প্রথমেই অতীতের ওইসব পাপীকে শনাক্ত করতে হবে। কারণ, বর্তমানের এই চাল চোরেরা তাদেরই কেউ না কেউ, তাদেরই শিষ্য, তাদেরই প্রেতাত্মা, যারা বঙ্গবন্ধুর সরকারের ভাবমূর্তি নষ্ট করেছিল!
উপসংহার : লেখাটির পাদটীকায় সম্মানিত ডাক্তার সাহেবদের উদ্দেশে বলতে চাই- যেহেতু দেশ, জাতি তথা বিশ্বের এই ক্রান্তিকালে আপনারাই মূল যোদ্ধা, তাই এই দেশ, এই জাতি আপনাদের ওপর ভরসা করে আপনাদের ওপর আস্থা রেখেই আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। আপনারা দেশ ও জাতির সে আস্থায় ফাটল ধরাবেন না বলেই আমাদের বিশ্বাস।
আপনাদের কাজের অনুকূল পরিবেশসহ আনুষঙ্গিক আরও কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েও বলব- ভেবে দেখুন, একাত্তরের যুদ্ধের সময় আমাদের কার হাতে কী ছিল। সে সময়ে বিশাল এবং বিশ্বের নামকরা পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদের অস্ত্রশস্ত্র বলতে তেমন কিছু না থাকা সত্ত্বেও আমরা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম।
সম্মানিত ডাক্তার সাহেবরা, কথাটি প্রাসঙ্গিক হল কি না, জানি না। তবে, আপনাদের উজ্জীবিত ও উৎসাহিত করার জন্যই কথাটি বলা হল। আসুন, মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন- সেই কথাটি হৃদয়ে ধারণ করে আমাদের যার যার অবস্থান থেকে যে যেভাবে পারি করোনাভাইরাসকে মোকাবেলা করি এবং এ ভাইরাসকে হারিয়ে দিয়ে কোভিড আক্রান্তের মৃত্যু থেকে দেশ ও জাতিকে রক্ষা করি।
ড. মুহাম্মদ ইসমাইল হোসেন : কবি, প্রাবন্ধিক, কলামিস্ট
সুত্রঃ যুগান্তর









