সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

চিকিৎসকদের কাছে কিছু প্রশ্ন

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২০৫ মিনিট পড়া
চিকিৎসকদের কাছে কিছু প্রশ্ন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

খোদ রাজধানী ঢাকায় ছয় ছয়টি হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে শেষে মুগদার একটি হাসপাতালে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়ে মারা গেলেন একজন মুক্তিযোদ্ধা! এ আপৎকালীন ছয়টি হাসপাতালের অস্বীকৃতির পর তার বিশ্ববিদ্যালয় শিক্ষক কন্যা অবশেষে মুক্তিযোদ্ধা পরিচয়ে পিতাকে সপ্তম হাসপাতালে ভর্তি করাতে পারলেও শেষ রক্ষা হয়নি।

এ অবস্থায় আমরা কে কতটুকু সচেতনতা, মানবিকতা বা দায়িত্বজ্ঞান নিয়ে কাজ করছি সে প্রশ্নটিই এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ এ বিষয়ে অনেকেরই কর্তব্য-কর্মে অবহেলার মনোভাব লক্ষ করা যাচ্ছে। যেমন কেউ কেউ এমনও মনে করছেন, এখন নিজে বাঁচতে হবে, দায়িত্ব-কর্তব্য পরের কথা।

অথচ ডাক্তার সাহেবদের ক্ষেত্রে এমনটি চিন্তা করাও পাপ। কারণ রোগী তথা মানুষের সেবা করাই তাদের ধর্ম ও কর্ম। আর এ বিষয়ে তারা শপথও গ্র্রহণ করেছেন। সুতরাং করোনা আক্রান্ত রোগী ভেবে ছয় ছয়টি হাসপাতালের একজন রোগীকে ভর্তি করতে অস্বীকার করার মতো অমানবিকতা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।

আবার এ মহাবিপদের সময়েও একশ্রেণির মানুষ শহরতলি বা গ্রামগঞ্জে সকাল-বিকাল রীতিমতো আড্ডা জমাচ্ছেন! অথচ আমাদের দেশেও এ রোগটির সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। আর শুরুটা ধীরগতির হলেও এর বিস্তার শুরু হলে তখন রক্ষে থাকবে না। তাই দেশের সর্বস্তরের সর্বশ্রেণির মানুষের উচিত হবে আর কয়েকটি দিন সর্বতোভাবে হোম কোয়ারিন্টন মেনে চলা।

তারপর সারা দেশ, সারা পৃথিবীর অবস্থা বুঝে দেখেশুনে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে আরও বেশি ধৈর্য ধারণ, আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু কোনোক্রমেই এ বিষয়ে কোনো হঠকারিতাকে প্রশ্রয় দেয়া চলবে না। তা নিজে হোন বা অন্য কেউ। তাছাড়া যেসব দোকানপাটে নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করা হয়, সেখানে যখন ক্রেতারা ভিড় করেন সেক্ষেত্রে যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত হয় সে বিষয়টির প্রতিও ক্রেতা-বিক্রেতা উভয়েরই গুরুত্ব দেয়া উচিত।

মোট কথা, বর্তমান অবস্থায় জীবনের সব ক্ষেত্রে সবারই সমান দায়িত্ব পালন করা প্রয়োজন। আমি একটু কম দায়িত্ব পালন করলে অসুবিধা নেই, এমন চিন্তা-চেতনা, মন-মানসিকতা পরিত্যাগ করতে হবে। মনে রাখা প্রয়োজন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে কারও সামান্য ভুলে নিজের, দেশের তথা পৃথিবীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। অতএব প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিজকে, দেশকে ও পৃথিবীকে বাঁচাতে হবে।

এ অবস্থায় আমাদের দেশের ডাক্তারসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই যে কিছু দায়িত্বজ্ঞানহীনতা-পেশাদারিত্বের অভাব ও হঠকারিতাসহ অন্যান্য দোষত্র“টি আছে সে বিষয়ে কিছু কথা বলেই আজকের লেখাটি শেষ করতে চাই।

ডাক্তার সাহেবদের বিষয়ে কিছু বলার আগেই বলে রাখি, আমি নিজে একজন ডাক্তারের পিতা। সেদিক থেকে তাদের প্রতি আমার দুর্বলতাও কম নয়। কিন্তু তাই বলে আমাদের দেশের ডাক্তার সাহেবরা যা করেন বা করছেন, তা মোটেও শোভনীয় নয়। এতদিন দিনরাত একাকার করে দিয়ে রোগী দেখেছেন, অথচ এখন মানুষের এই দুর্দিনে, বিশ্ব মানবসমাজের এ দুর্যোগ মুহূর্তে ক্লিনিক বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন, হাসপাতালে রোগী গেলে তাড়িয়ে দিচ্ছেন- এমনটি তো মেনে নেয়া যায় না।

একজন মুক্তিযোদ্ধার কন্যা ছয় ছয়টি হাসপাতাল ঘুরে সপ্তম হাসপাতালে তার পিতাকে ভর্তি করাতে পারবেন এবং সেখানে বিনা চিকিৎসায় সেই মুক্তিযোদ্ধা মারা যাবেন সেটাই বা কেমন কথা? এই ডাক্তাররা এতদিন যে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন তার প্রতি খুব বেশি মায়া-মমতার কারণে, নাকি নিজেদের নিরাপত্তার কারণে শপথ ভঙ্গ করে একজন সাধারণ রোগীর পর্যন্ত চিকিৎসা করতে ভয় পাচ্ছেন সে প্রশ্নটিও কিন্তু এ ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে!

এতদিন তো আপনাদের হাসপাতালে বা ক্লিনিকে গেলে যে সময়ে দশজন রোগী দেখার কথা, সে সময়ে বিশ-ত্রিশ জন রোগী দেখাও আপনাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। এমনকি দিনে শতজন রোগী দেখা ডাক্তারেরও তো অভাব ছিল না। আর এসব ঘটনা আমরা রোগী হিসেবে যাওয়া সবারই জানা। অথচ বর্তমান অবস্থায় এখনই যা দেখাশোনা যাচ্ছে, তাতে করোনাভাইরাস রোগটি ছড়িয়ে পড়লে আপনাদের আচার-আচরণ কেমন হবে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে!

যদিও আমরা প্রার্থনা করি, এ রোগটি যেন আর না ছড়ায় এবং অন্যান্য রোগীর ক্ষেত্রেও আপনাদের করোনা আক্রান্ত রোগী ফোবিয়ায় ভুগতে না হয়। তবে বর্তমান অবস্থায় যতটুকু ছড়িয়েছে বা ছড়ানোর আশঙ্কা আছে, সঠিকভাবে তা মোকাবেলা না করে রোগী দেখে ভয় পেলে সারা দেশের মানুষের সঙ্গে ডাক্তার সাহেবরাও যে ভালো থাকবেন না, জনান্তিকে সে কথাটিও বলে রাখা হল। সেই সঙ্গে করোনা ফোবিয়ার কারণে একজন মুক্তিযোদ্ধাকে বিনা চিকিৎসায় যেভাবে প্রাণ দিতে হল সে ঘটনাটিও যে সারা দেশ ও জাতির জন্য লজ্জাজনক সে কথাটিও স্মরণ করিয়ে দেয়া হল।

উপসংহার : আজকের লেখাটির দ্বিতীয় অনুচ্ছেদে যেসব দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ যারা সেলফ কোয়ারেন্টিন বা ঘরে থাকা ব্যবস্থা অমান্য করে এখনও কারণে-অকারণে রাস্তাঘাট, দোকানপাট, হাট-বাজারে ভিড় জমাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। কারণ সামনের দশ-বারো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর সরকারের উদ্দেশে বলব- দরিদ্র, খেটে-খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষের বৃহৎ অংশই কিন্তু এখনও বিন্দুমাত্র কোনো সাহায্য-সহযোগিতা পায়নি। এ অবস্থায় ঘরে বসে থাকা ডিসি সাহেবদের ওপর সম্পূর্ণ ভরসা না করে দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। কারণ আমার এ লেখাটি ডিসপ্যাচ করা পর্যন্ত বর্তমানে আমি পাবনার যে এলাকায় বসবাস করছি, সে এলাকার দরিদ্র মানুষ কোনো ধরনের সরকারি সাহায্য পায়নি।

সুতরাং এ বিষয়টি সরকার একটি উদাহরণ হিসেবে গ্রহণ করতেই পারে। আর আজকের মতো শেষ যে কথাটি বলা প্রয়োজন তা হল, ১৭ কোটি মানুষের এ দেশে যে অনুপাতে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে তা আত্মপ্রবঞ্চনা কিনা সে বিষয়টিও ভেবে দেখা দরকার।

ড. মুহাম্মদ ইসমাইল হোসেন : কবি, প্রাবন্ধিক, কলামিস্ট