জাতীয়

জ্বালানি তেলের দাম কমতে পারে ডিসেম্বরে

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। চলতি বছরের ডিসেম্বরে দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে।

 

গতকাল রোববার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

 

জনসভাস্থলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এই মাসেই প্রব্যাবলি (সম্ভবত) আমরা রিভিউ (পর্যালোচনা) করব প্রাইম মিনিস্টিারের (প্রধানমন্ত্রী) সঙ্গে। এখনো তো প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের বসা হয় নাই।’

 

‘সো প্রব্যাবলি এই মাসেই উনার সঙ্গে রিভিউ হবে। রিভিউ হলে সিদ্ধান্ত হতে হতে…ডিসেম্বরে যাবে।’

 

মন্ত্রী বলেন, ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর দিয়েই আগামী নির্বাচনের প্রচার শুরু করবে আওয়ামী লীগ।

 

এর আগে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন অর্থমন্ত্রী।

 

আগামী ২৩ নভেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা ছিল। সেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জনসভাটি স্থগিত হওয়ার কথা জানিয়েছেন।

 

বিপ্লব জানান, আগামী ২৮ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল গতকাল রোববার ঘোষণা করা হয়েছে। তাই এই সময়ে কোনো রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই।

 

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা সিলেট সফরে তাঁর রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন। তবে জনসভা না হলেও সিলেটে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে।

সূত্র: এনটিভি