সদ্য প্রকাশিত
মতামত

চাকরির বাজার বনাম শিক্ষাব্যবস্থা

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২০৩ মিনিট পড়া
চাকরির বাজার বনাম শিক্ষাব্যবস্থা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একজন শিক্ষার্থী স্বপ্ন দেখে, সে ভবিষ্যতে পরিবারের চাহিদা মেটাবে, নিজে ঠিকমতো চলতে পারবে, জীবনমানের উন্নিত করবে, সর্বোপরি দেশের জন্য কিছু করবে।

কিন্তু তার এসব স্বপ্ন স্বপ্নই থেকে যায়, যখন অনার্স বা মাস্টার্স শেষে একজন শিক্ষার্থীকে ঘরে বসে থাকতে হয়। এর পেছনের কারণ কী? আসলেই কি আমাদের লেখাপড়া মানসম্মত হচ্ছে না? নাকি অন্য কোনো বিষয় কাজ করছে?

সাধারণভাবে আমরা যদি এর পেছনের কারণ খুঁজতে যাই তাহলে দেখা যাবে চাকরির জন্য ভালো প্রস্তুতির অভাব, পড়ার বিষয়ের সঙ্গে চাকরির বিষয়ের মিল না থাকা, নিয়োগব্যবস্থায় অসচ্ছলতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আধিক্যসহ বেশ কিছু কারণ রয়েছে।

কিন্তু আমরা কি একটিবারও চিন্তা করে দেখেছি যে, আমাদের যা শিক্ষা দেয়া হচ্ছে সে অনুযায়ী কোনো ধরনের চাকরি বা কর্মক্ষেত্র আছে কি না? কিংবা চাকরির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে কি না? না, তা ভাবা হচ্ছে না।

ভাবা হলেও এখনই করার কিছু থাকছে না। কারণ দেশে এখনও সেই পরিমাণ কর্মসংস্থান করা সম্ভব হয়ে ওঠেনি। হয়তো ধীরে ধীরে বাড়ছে। কিন্তু কর্মসংস্থান বাড়লেও তা গাণিতিক হারে বাড়ছে। এদিকে বেকারের সমস্যা বাড়ছে প্রায় জ্যামিতিক হারে।

প্রতিবছর নির্দিষ্ট করে এ সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং প্রশ্ন থেকে যায়, তাহলে কি অল্পকিছু মানুষকে উচ্চশিক্ষিত হতে হবে? নাকি বেশি লোক শিক্ষিত হয়ে বেকারের খাতা আরও বাড়াবে?

বস্তুত শিক্ষার যেমন প্রয়োজন আছে, তেমনি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লে বেকার সমস্যা হবে এটাও মেনে নিতে হবে। সবাইকে দ্রুত চাকরি দেয়া সম্ভব হয়ে ওঠে না। এ জন্য সরকার বারবার উদ্যোক্তা হওয়ার আহ্বান করে যাচ্ছে। তরুণ শিক্ষার্থীদের বলা হচ্ছে, তোমরা উদ্যোক্তা হও।

নিজে কিছু করো, চাকরির জন্য বসে থেকো না, কিছু করে অন্যকে চাকরি দাও। সরকার থেকে যদিও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে; কিন্তু একজন শিক্ষার্থী কীভাবে উদ্যোক্তা হবে তার কোনো কর্মশালা কিংবা প্রশিক্ষণ দেয়া হচ্ছে না। যদি তরুণদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয় তাহলে হয়তো এসব ব্যাপারে বেকার অথবা শিক্ষার্থীরা আগ্রহী হবে।

পত্রিকার পাতায় আমরা দেখতে পাই, কর্তাব্যক্তিরা সবসময় বলে যাচ্ছেন, দক্ষ জনশক্তির অভাবে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। কিন্তু প্রশ্ন হল, দক্ষ জনশক্তি বাড়ানোর জন্য কোনো প্রস্তুতি নেয়া হয়েছে কি? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তো তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায় না।

দেশে বর্তমানে চাকরির বাজারে সংকট চলছে। যেখানে ১৫-২০ জন নিয়োগ দেয়া হবে, সেখানে দেখা যাচ্ছে লক্ষাধিক আবেদন আসছে। তাহলে কর্তৃপক্ষ কাকে বাদ দিয়ে কাকে নেবে?

বিশেষ করে বিসিএস নামক প্রতিষ্ঠানে যে কোনো বিষয়ে শিক্ষিতের আবেদনের সুযোগ থাকার ফলে এখানে জনজোয়ার পড়ে যায় চাকরি পাওয়ার জন্য। তাহলে পেশাগত লেখাপড়ার কি দরকার নেই?

যদি দরকারই থাকে তাহলে তার ভবিষ্যৎ কী? আর যদি দরকার না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোয় এ সাবজেক্টগুলো পড়ানোর দরকার কী? একজন শিক্ষার্থীর লক্ষ্য থাকে লেখাপড়া শেষ করে মানসম্মত একটা চাকরি করে পরিবারের হাল ধরার। কিন্তু আমাদের দেশ বা সমাজ তাদের এ আশা পূরণ করতে পারছে কি?

আসলে এ প্রশ্নের উত্তর আমরা একদিনে খুঁজে পাব না। কারণ এটা একদিনে তৈরি হয়নি। তাই আমাদের নতুনভাবে উদ্যোগ নেয়া দরকার। কেন শিক্ষার্থীরা বেকার থাকছে? কেন শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছে না? কেন দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের তৈরি করতে পারছে না? বিষয়টি নিয়ে ভাবতে হবে।

শাহিন আলম রোহান : শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়