সদ্য প্রকাশিত
রাজনীতি

তারেক রহমানের জন্মদিন কেক কাটলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
তারেক রহমানের জন্মদিন কেক কাটলেন খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বড়ছেলে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে শুভদিনটি উদযাপন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ৫২তম জন্মদিন উপলক্ষে শনিবার দিবাগত রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়।

 

জন্মদিন উপলক্ষ্যে প্রথম প্রহরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে মুঠোফোনে শুভেচ্ছা জানান মা খালেদা জিয়াসহ দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দ। এরপর একে একে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার পক্ষে শামসুদ্দিন দিদার তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যান কামনা করেন।

 

তারেক রহমান সবার শুভেচ্ছা গ্রহণ করেন এবং দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

 

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের অনেক জেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল দলটি। এ উপলক্ষে বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

 

এ ছাড়া জন্মদিন উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিও পালন করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

 

তারেক রহমান ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী।

সূত্র: এনটিভি