সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলা এখন বহু মানুষের প্রথম ভাষা। বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি। এত মানুষের ভাষা কি দুর্বল হতে পারে? কিংবা অপাঙক্তেয়? এ নিয়ে নানা মত রয়েছে। কিন্তু একটি বিষয় এখন স্পষ্ট, বাংলা ক্রমেই যেন অকুলীন ভাষায় পরিণত হচ্ছে।
লেখাপড়ার মাধ্যম হিসেবে বাংলা যেন ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। দেশে এখন ইংরেজি শেখার নতুন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অপরদিকে, পশ্চিমবঙ্গে বাংলা বেশ কোণঠাসা। সেখানে হিন্দি ও ইংরেজির সঙ্গে যুদ্ধে বাংলা অনেকটাই পরাস্ত। কলকাতা দীর্ঘ সময় বাংলা ভাষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল।

বাংলা ভাষার দিকপাল সব সাহিত্যিক, লেখক, কবি, চলচ্চিত্রকার পশ্চিমবঙ্গেই জন্ম নিয়েছেন। সেই ধারা কিছুটা যেন স্তিমিত হয়ে পড়েছে। হয়তো এটাই স্বাভাবিক। জোয়ারের পর আসে ভাটার টান।
বাংলাদেশ বাংলা ভাষার প্রধান প্লাবনভূমি। এখানে প্রায় সব ক্ষেত্রেই বাংলা চলে। তবে কতিপয় ব্যতিক্রম আছে, যার মধ্যে উচ্চ আদালত ও কওমি মাদ্রাসার কথা উল্লেখ করা যেতে পারে। দেশে এখন হাজার হাজার লেখক, কবি, সাহিত্যিক বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের চর্চা করছেন। এ প্রবাহ বাংলা ভাষাকে আরও শক্তিশালী করবে আগামীতে।
তবে যারা লিখছেন তাদের লেখার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের কবি, লেখকরা এখন পর্যন্ত বিশ্বসাহিত্যের দরবারে স্থান পাওয়ার মতো ধ্র“পদী সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হননি। তবে আগামী দিনের লেখকরা নিশ্চয়ই তাদের মননশীলতা দিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবেন এবং পাশাপাশি বিশ্বসাহিত্যের মঞ্চে নিজেদের ও দেশের গৌরব বৃদ্ধি করবেন, সেই আশা আমাদের।
বাংলা ভাষাকে কি ইংরেজি বা ফরাসি ভাষার মর্যাদায় উন্নীত করা সম্ভব? ইংরেজির মতো এত পরাক্রমশালী না হলেও ফরাসি বা হিন্দির মতো প্রভাবশালী ভাষায় পরিণত করা অবশ্যই সম্ভব। এর সব উপাদান বাংলা ভাষায় রয়েছে। বাংলা সাহিত্যের সক্ষমতা এশিয়ার আর মাত্র এক বা দুটি ভাষায় থাকতে পারে। এ ছাড়া নৃতাত্ত্বিকতার বিচারে বাঙালির চেয়ে মাত্র দুটি বড় জাতি পৃথিবীতে রয়েছে- এক. হান চীনা, দুই. আরব।
এরপরও আমরা কেন বর্তমান বিশ্বে উপয্ক্তু স্থান তৈরি করতে পারছি না? এর উত্তর সম্ভবত বাঙালির আর্থিক দুর্বলতার মাঝে লুকিয়ে আছে। অতীতে বাঙালিরা ব্যবসা-বাণিজ্যকে ভালো নজরে দেখত না। ফলে তারা বড় উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারেনি। বাঙালিরা ছিল না যোদ্ধা, যে কারণে অন্য দেশ জয় কিংবা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে বাঙালিরা বিশ্বে খুব বড় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি।
তবে হালে পরিবর্তনের হাওয়া লেগেছে। আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা অর্থনীতির দেশ হবে। তখন পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে। সেই সুযোগ কাজে লাগাতে তৈরি হতে হবে এখন থেকেই।
ভাষা নিয়ে যারা ভাবেন বা কাজ করেন, তাদের সক্রিয় হতে হবে। বিশ্বজুড়ে বাংলা ভাষা প্রসারের লক্ষ্যে একটি সুদুরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলে একটি অভিন্ন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ ও শহরে বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এসব প্রতিষ্ঠান বাংলা ভাষার প্রতি ভিন্নভাষীদের আকৃষ্ট করতে নানামুখী কার্যক্রম গ্রহণ করবে। এ কাজের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের ক্ষমতা বাংলাদেশের আছে। তাই আর দেরি নয়, এ কাজ শুরু হোক এখনই।
আমাদের ভাষা যত প্রভাবশালী হবে, বিশ্বে আমাদের মর্যাদা ততই বাড়বে। যারা ধর্মীয় কারণে বাংলা ভাষাকে অবজ্ঞা করছেন, তাদের উপলব্ধি করা প্রয়োজন, কোনো অজুহাতে মাতৃভাষাকে অবহেলা করে সমাজের মূলস্রোতে স্থান পাওয়া যাবে না। নিজের ভাষাকে অবজ্ঞা করে আধুনিক পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই মর্যাদার সঙ্গে বেঁচে থাকা সম্ভব নয়।
হাবিবুর রহমান : প্রাবন্ধিক










