সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে সন্ত্রাসীদের ঠেকানোর আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আফগানিস্তানে সন্ত্রাসীদের ঠেকানোর আহ্বান বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। আফগানিস্তানে সন্ত্রাস নিয়ন্ত্রণ করা গেলে প্রতিবেশী দেশগুলোতেও সন্ত্রাসীদের তৎপরতা কমবে বলে বাংলাদেশ অভিমত দিয়েছে।

 

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ওয়াশিংটনে জাতিসংঘের সাধারণ পরিষদে আফগানিস্তান বিষয়ে দেওয়া ভাষণে এ কথা বলেছেন। আফগানিস্তানে সন্ত্রাসীদের অব্যাহত হুমকির বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তান বিষয়ক এই ভাষণে মাসুদ বিন মোমেন বলেন, ‘আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তিশালী হয়ে ওঠা ঠেকানো এবং বিদেশি যোদ্ধাদের প্রবেশ বন্ধ করা গুরুত্বপূর্ণ। এতে করে প্রতিবেশী দেশগুলোতে তাদের প্রভাব কমে আসবে।’

 

বাংলাদেশের এই প্রতিনিধি বলেন, ‘আঞ্চলিক ও বহুপক্ষীয় উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এর মধ্যে রয়েছে কার্যকরভাবে আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকি ও উগ্রপন্থী সহিংসতা কমিয়ে আনার ক্ষেত্রে চারপক্ষীয় সমন্বয় গ্রুপ।’

 

ভাষণে মাসুদ বিন মোমেন ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ প্রতিরোধে গুরুত্বারোপ করে বিশেষত নিষিদ্ধ মাদক পাচার রোধে তদারকি, গোয়েন্দা তৎপরতা, তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

 

তিনি বলেন, ‘ আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী লোকবল নিয়োগ, কর্মদক্ষতা ও মনোবলের অগ্রগতি লক্ষ করেছে বাংলাদেশ এবং প্রতিবন্ধকতা মোকাবেলায় তাদের দায়িত্বপালনের প্রশংসা করছে।’

 

জঙ্গিদের অভিনব সব বিস্ফোরক ও বোমায় নারী ও শিশুদের হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। এ বিষয়ে আফগানিস্তানকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশের দূত।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিস্তৃত ও দৃঢ় করাকে নিজেদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বলেন, ‘বাংলাদেশ নিজেকে আফগানিস্তানের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। বাংলাদেশ নিজেদের উন্নয়নের অভিজ্ঞতা আফগানিস্তানের সঙ্গে বিনিময় করতে চায়।’

 

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ আফগানিস্তানকে নারীর ক্ষমতায়ন, অনানুষ্ঠানিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, বিচারব্যবস্থার সংস্কার, ব্যাংকিং ও আর্থিকখাত সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ, যুব উন্নয়ন এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন