সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সৌদিতে নতুন ভিসা ফি নির্ধারণ

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সৌদিতে নতুন ভিসা ফি নির্ধারণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে নতুন ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। দেশটিতে নতুন নির্ধারিত এই ভিসা ফি গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ কাউন্সিলে অনুমোদন পায়।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভিসা কনসালটেন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে পাঁচ হাজার ও আট হাজার রিয়েল (এক হাজার ৩৩৩ ও দুই হাজার ১৩৩ মার্কিন ডলার) দিতে হবে।

ওই কর্মকর্তা আরো জানান, একবার সৌদি আরবে প্রবেশ করার জন্য দুই হাজার রিয়াল দিতে হবে, যা আগের চেয়ে কয়েক গুণ বেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। এর ফলে তাঁরা প্রয়োজনমতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিল এক বছর।

কূটনৈতিক ও অন্যান্য সূত্রগুলো এর আগে বার্তা সংস্থা এএফপিকে বলেছিল, নতুন ফি সৌদি আরবের তেল-নির্ভর অর্থনীতিতে রূপান্তরে প্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করার ঝুঁকিতে ফেলবে।

সৌদি আরবে বিদেশিদের বিনিয়োগ প্রক্রিয়া সুগম করতে চালু হওয়া নতুন ভিসা ফি নিয়ে সমালোচকদের উদ্বেগের জবাবে সৌদি বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, এটি বিনিয়োগে বাধা হবে না।

বার্তা সংস্থা এএফপিকে তার মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী মাজিদ আল কাসাবি ‘নিশ্চিত করেছেন যে সৌদি আরবে প্রবেশ ভিসার ফি দেশটিতে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। বরং বেশি বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে।’

সূত্র: এনটিভি