অনেক দিন যাবত হৃদরোগের সঙ্গে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিয়ে একধরণের কুয়াশা বিরাজ করছে। এবার হয়ত সেটা দূর হবে। সম্প্রতি Annals of Internal Medicine এ সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সমীক্ষায় হৃদরোগ এবং স্ট্রোকের সঙ্গে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি – এর সম্পর্ক নিয়ে আদ্যোপান্ত বিশ্লেষণ করা হয়েছে।
এদের মধ্যে কোন সম্পর্ক পাওয়া যায়নি। এ সম্পর্কিত গাইডলাইনে সুপারিশকৃত পরিমাণের চেয়ে বেশী গ্রহণ না করলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হৃদরোগ এবং স্ট্রোকের জন্য ক্ষতিকর নয়।

ইন্সটিটিউট অব মেডিসিন (IOM) প্রতিদিন একজন বয়স্ক মানুষের জন্য ১০০০ থেকে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ৬০০ থেকে ৮০০ আইইউ ভিটামিন ডি গ্রহণের সুপারিশ করে থাকে। তবে ক্যালসিয়াম গ্রহণের মাত্রা ২০০০ থেকে ২৫০০ মিলিগ্রাম এবং ভিটামিন ডি সেবনের মাত্রা ৪০০০ আইইউ-এর বেশী হওয়া উচিত নয়। গবেষকগণ বলছেন সুপারিশকৃত মাত্রার চেয়ে বেশী ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেবন না করলে হৃদরোগ এবং স্ট্রোকের জন্য বাড়তি ঝুঁকি সৃষ্টি হয় না।
হাড়ের সুস্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজনীয়। এ জন্য অনেকে মুড়ি-মুড়কির মত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেবন করে থাকেন; সঙ্গত কারণে অনেকেই আশঙ্কা করছেন যে হয়ত এটা আমাদের হৃদপিণ্ড এবং মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু পর্যবেক্ষণে সেরকম ইঙ্গিতও পাওয়া গিয়েছে। বর্তমান সমীক্ষার মাধ্যমে এ বিতর্কের সমাধান হল। সুপারিশকৃত মাত্রায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেবন করলে ভয়ের কিছু নেই। তবে বাড়তি ক্যালসিয়াম সেবনের তেমন কোন উপকারিতা নেই। কিন্তু ক্ষতিকর উপসর্গ দেখা দিতে পারে; যেমন – কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয় ইত্যাদি।
বিশেষজ্ঞগণ মনে করছেন ওষুধ আকারে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেবন করার চেয়ে প্রতিদিন খাবারের মাধ্যমে এটা গ্রহণ করা উত্তম। সামুদ্রিক মাছ, সাধারণ ছোট মাছ, দুধ, দই, পনির এবং সবুজ শাকসবজিতে ক্যালসিয়াম পাওয়া যায়। নিয়মিত খাবারের মাধ্যমে ৭০০ থেকে ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া সহজ। এজন্য ট্যাবলেট আকারে সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম গ্রহণ করা জরুরী নয়।
মনে রাখতে হবে ভালো জিনিস বেশী গ্রহণ করাও সব সময় ভালো নয়।
তথ্যসূত্রঃ
Chung M, Tang AM, Fu Z, Wang DD, Newberry SJ. Calcium intake and cardiovascular disease risk: an updated systematic review and meta analysis. Ann Intern Med. 2016 Oct 25. [Epub ahead of print]









