সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়ছে আরও একদফা। ব্যবসায়ীদের দাবির মুখে আলোচনার মাধ্যমে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। মেলার সময় বাড়ানোয় খুশি ক্রেতা-বিক্রেতারা।
সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন কারণে বন্ধ থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আগেই চারদিন বাড়ানো হয়। সেই হিসাবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মেলার শেষ দিন। কিন্তু বিক্রেতাদের আরো সময় বাড়ানোর দাবির বিষয়ে গতকাল সন্ধ্যায় বৈঠকের পর ২ দিন বাড়ানোর ঘোষণা আসে।

বিকেল থেকেই ক্রেতা দর্শনার্থীর পদচারণায় জমজমাট বাণিজ্য মেলা সন্ধ্যার পর আরো ভিড় বাড়তে থাকে। সবগুলো স্টল প্যাভিলিয়নে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে। মেলার সময় বাড়ানোয় সাধুবাদ জানান তারা।
এবার মেলা শেষ হওয়ার আগেই আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান। সেখানে ১৩টি ক্যাটাগরিতে ৫৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।









