সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

ইভিএম ইসির জন্য শাঁখের করাত

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২০৮ মিনিট পড়া
ইভিএম ইসির জন্য শাঁখের করাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমান নির্বাচন কমিশন কারও কথা শুনছে না। রাজনৈতিক দল, একাডেমিক ব্যক্তিত্ব বা সুশীল সমাজ- কারও কথাই আমলে নিচ্ছে না এ ইসি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর মেয়াদকালের অর্ধেকের বেশি সময় পার করলেও এখন পর্যন্ত ইসি রাজনৈতিক দল বা জনগণের মধ্যে আস্থা গড়ে তুলতে পারেনি। পরিবর্তে প্রায় তিন বছরের মতো ক্ষমতায় থেকে যেভাবে দায়িত্বপালন করেছে, তাতে জনগণ হতাশ। প্রথম থেকেই এ ইসির কাজকর্মে বস্তুনিষ্ঠতা লক্ষ করা যায়নি। এর গঠনপ্রক্রিয়াও ছিল রহস্যঘেরা। ইসি গঠনে গণতান্ত্রিক দেশে লুকোচুরি থাকা কাম্য নয়; অথচ ৬ সদস্যের অনুসন্ধান কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য যে ১০ জন ব্যক্তিত্বের নাম জমা দিয়েছিলেন, সে নামগুলো জনগণকে জানান হয়নি। ইসি গঠনে ওই তালিকাকে কতটা সম্মান করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর এদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাওয়া যায়নি।

পূর্ববর্তী রকিব কমিশনের সময় দশম সংসদ নির্বাচন প্রহসনমূলক হওয়ায় ইসির ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়। এজন্য বর্তমান ইসি দায়িত্ব গ্রহণের পর এদের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল স্বচ্ছভাবে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। সে পরীক্ষায় তারা কেবল অকৃতকার্য হয়নি; ডবল জিরো পেয়ে ফেল করে রেকর্ড করেছে। একাদশ সংসদ নির্বাচনে ইসি না পেরেছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে, না পেরেছে ওই নির্বাচনকে দুর্নীতি-কারচুপিমুক্ত ও গ্রহণযোগ্য করতে। ভোটের দিনের আগের রাতেই অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট হয়ে গেছে। এ ঘটনা পৃথিবীর সংসদ নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের হামলা ও মামলা মোকাবেলা করতে হয়েছে। তাদের প্রতিপক্ষ কেবল সরকারদলীয় প্রার্থীরা ছিলেন না; তাদের পুলিশ, প্রশাসন ও পোশাকধারী বাহিনীরও মোকাবেলা করতে হয়েছে।

একাদশ সংসদ নির্বাচন এতটাই অস্বচ্ছ ছিল যে, একজন বিবিসি সংবাদদাতা ভোটের দিন সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের লালখান বাজারের একটি ভোটকেন্দ্রে ব্যালট ভরা ভোটের বাক্স দেখতে পান। এ নির্বাচনে যেখানে কাস্টিং রেট দেখান হয়েছে ৮০ শতাংশের ওপরে, সেখানে ইভিএমে নির্বাচন হওয়া কেন্দ্রগুলোতে ভোট পড়েছে মাত্র ৫০ শতাংশের মতো। বড় দু’দলীয় প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানও এ নির্বাচনের নেতিবাচক চরিত্র

উন্মোচন করেছে। যেমন, গোপালগঞ্জ-১ এবং চট্টগ্রাম-১ আসনে যেখানে আওয়ামী লীগ প্রার্থী ভোট পান যথাক্রমে ৩ লাখ ৩ হাজার ৬১ এবং ২ লাখ ৬৬ হাজার ৬৬৬; সেখানে বিএনপি প্রার্থী ওই দুটি আসনে পান যথাক্রমে ৪৪ এবং ৩ হাজার ৯৯১ ভোট। ২১৩টি ভোটকেন্দ্রে ভোট পড়ে শতকরা ১০০ ভাগ। এছাড়া ১২৭টি কেন্দ্রে ৯৯ শতাংশ, ২০৪টি কেন্দ্রে ৯৮ শতাংশ, ৩৫৮টি কেন্দ্রে ৯৭ শতাংশ এবং ৫১৬টি কেন্দ্রে ৯৬ শতাংশ ভোট পড়েছে। স্বয়ং দু’জন ইসি কমিশনার ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রে কোনো বিরোধীদলীয় এজেন্ট দেখতে পাননি। এ রকম একটি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, একাদশ সংসদ নির্বাচনের মতো এমন সুন্দর সমন্বয় ও শৃঙ্খলা আগে দেখা যায়নি। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা থাকবে।

একাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে এ কমিশন যেসব স্থানীয় সরকার নির্বাচন করেছে, সেসব নির্বাচনেও এ কমিশন কোনো পেশাদারিত্ব দেখাতে পারেনি। নির্বাচনে জড়িত দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এভাবে নির্বাচনকে ক্রমান্বয়ে এ কমিশন ধ্বংসের কিনারায় উপনীত করেছে। নির্বাচনের ওপর এবং নির্বাচন কমিশনের ওপর এ ইসি সামান্যতম গণআস্থাও তৈরি করতে পারেনি। নির্বাচন এলে মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে চাইছে না। এমন সংকটাপন্ন অবস্থায় ডিএসসিসি এবং ডিএনসিসি নির্বাচন উপস্থিত হওয়ায় অনেকে ভেবেছিলেন, ইসি হয়তো এ সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা গড়ে তুলতে সচেষ্ট হবেন। কিন্তু ইসি সরকারি দল ব্যতীত রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবার অনুরোধ উপেক্ষা করে এ দুটি সিটি কর্পোরেশনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সারা বিশ্ব যেখানে নির্বাচনে ইভিএম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে এ ইসির ইভিএমে এত আগ্রহের পেছনে দুরভিসন্ধি আছে বলে সাধারণ মানুষ মনে করছেন। প্রযুক্তিসমৃদ্ধ দেশগুলো যখন ইভিএম থেকে কাগজের ব্যালটে নির্বাচনের দিকে ফিরছে, যখন ভারতে কাগজের ব্যবহারযুক্ত ইভিএম থাকা সত্ত্বেও ভারতীয় কংগ্রেস ইভিএমের পরিবর্তে কাগজের ব্যালটে ভোট দাবি করছে, সে সময় বাংলাদেশের মতো স্বল্পশিক্ষিত ভোটারের দেশে ইসি কোন উদ্দেশ্যে কাগজের ব্যবহারবিহীন ইভিএমে নির্বাচন করতে চাইছে, তা বোধগম্য নয়। এই ইসি দায়িত্ব গ্রহণের পর বলেছিল, তারা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না। তার কয়েকমাস পর একাদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপেও ইসি একই রকম প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ কী কারণে ওই নির্বাচনের মাত্র ৬টি আসনে বিধিবহির্ভূতভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করে দু’লাখ টাকা করে প্রতিটি ইভিএম কিনে ব্যবহার করেছিল, তার পক্ষে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। ওই নির্বাচনে ইভিএম নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। ইভিএম ব্যবহারের কারণে বহু ভোটার ভোটকেন্দ্রে যাননি। আর যারা ভোটকেন্দ্রে যান, তাদের অনেকে ভোট দিতে পারেননি। অনেকের ভোট অন্যরা দিয়ে দিয়েছেন। কাপড়ঘেরা ঘরে ইভিএম মেশিনের কাছে অন্য লোক দাঁড়িয়ে থাকতে দেখে অনেকে ভোট দিতে আপত্তি করেছেন। অনেকের ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের আবার বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি বা স্মার্টকার্ড আনতে হয়েছে। এভাবে মাত্র ৬টি আসনে ইভিএমে নির্বাচন করতে গিয়েই যেখানে ইসির লেজেগোবরে অবস্থা, সেখানে পরবর্তী সময়ে ইসি সরকারি দল বাদে সব দলের মতামতকে উপেক্ষা করে আগামীতে ৩০০ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের অনেক আগে অনুষ্ঠিত ডিএনসিসি এবং ডিএসসিসি নির্বাচনও ইসি ইভিএমে করতে উদ্যোগ গ্রহণ করেছে। এ দুই সিটি নির্বাচন ঘিরে ইতিমধ্যে রাজধানী উত্তপ্ত হয়ে উঠেছে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভাঙলেও ইসি দৃশ্যমানভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। বিরোধীদলীয় প্রার্থীদের মিছিলে ইতিমধ্যে একাধিকবার হামলা হয়েছে। কাউন্সিলরদের মিছিলেও বাধা দেয়া হয়েছে। ইসি বিষয়গুলো খুব সিরিয়াসলি নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে না। প্রার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে কৌতূহল নেই। ইভিএমে নির্বাচন হওয়ায় তাদের অনেককে চায়ের আড্ডায় এমনও বলতে শোনা যাচ্ছে, ভোট দেয়া আর না দেয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ফলাফল আগেই তৈরি করে দেয়া আছে। মেশিনে যে নির্দেশনা দেয়া আছে, মেশিন সেভাবে কাজ করবে। ফলে এ নির্বাচনে কারা জিতবে, তা সবারই জানা আছে। স্বল্পশিক্ষিত ভোটারদের এমন ব্যাখ্যায় অনেকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত হচ্ছেন।

তবে এ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ইসির জন্য তা হবে শাঁখের করাত। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এসব কেন্দ্রের জন্য তারা নাকি কঠোর নজরদারি করার পরিকল্পনা করছে। এসব কথাবার্তা নগরবাসীর কাছে অর্থহীন শো-অফ মনে হচ্ছে। কারণ যে নির্বাচন হচ্ছে ইভিএমে, সেখানে বাহ্যিক সন্ত্রাস ও দুর্নীতি-কারচুপি করার কোনো প্রয়োজন আছে কি? ডিজিটাল ইঞ্জিনিয়ারিং করার জন্য তো ইভিএমেই অনেক কিছু করা সম্ভব বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ইভিএমকে ‘ভোট চুরির মেশিন’ বলে আখ্যায়িত করা হয়েছে। আবার স্বয়ং ইসি কমিশনার রফিকুল ইসলাম সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের প্রতি শাসকের ভূমিকা না নিয়ে সেবকের ভূমিকা নিতে উপদেশ দিয়েছেন। তিনি আচরণবিধি প্রয়োগ করার জন্য শাস্তি ও জরিমানা করার চেয়ে প্রিভেনটিভ মেজার নিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিতদের পরামর্শ দিয়েছেন। যেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করেও নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা যায় না, সেখানে ইসি কমিশনারের এমন মোলায়েম উক্তি আচরণবিধি ভাঙতে দুষ্কৃতকারীদের উৎসাহিত করতে পারে।

তবে এ নির্বাচন যেহেতু ইভিএমে হচ্ছে, সে কারণে এবার নির্বাচনে বাইরের সন্ত্রাস-দুর্নীতি দৃশ্যমান নাও হতে পারে। হয়তো ডিজিটাল কারচুপি হবে নিঃশব্দে, অদৃশ্যভাবে। অর্থাৎ ওপরে দেখা যাবে সবাই ভোট দিচ্ছেন, কোনো বাধা নেই। কিন্তু ফলাফল সুকৌশলে ঠিক করে রাখার ব্যবস্থা করা হবে বলে অনেকে বলাবলি করছেন। ইভিএমে নির্বাচন করতে গিয়ে ইসি পড়েছে মহাঝামেলায়। বিরোধীদলীয় প্রার্থী হেরে গেলে তারা বলবেন- আমরা তো আগেই বলেছিলাম, আমাদের যারা ভোট দিয়েছেন তাদের ভোট অন্য মার্কায় চলে গেছে; আমরা প্রকৃতপক্ষে হারিনি। ডিজিটাল কারচুপি করে আমাদের হারিয়ে দেয়া হয়েছে। এ নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আর যদি বিএনপির প্রার্থী জিতেও যায়, তখন বলা হবে- আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে জিততাম। আমাদের অনেক ভোট ডিজিটাল কারচুপি করে অন্য মার্কায় নিয়ে যাওয়া হয়েছে। সরকার এ ভোটচুরির মেশিনে জনগণের আস্থা প্রতিষ্ঠার জন্য চালাকি করে আমাদের একেবারে হারিয়ে দেয়নি। কারণ তাদের আসল উদ্দেশ্য হচ্ছে, এ নির্বাচনে কিছুটা কম কারচুপি করে জনগণকে বোকা বানিয়ে সামনের সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে নির্বাচন করে আমাদের ক্ষমতার বাইরে রাখার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এ নির্বাচনের ফলাফল সরকার ও নির্বাচন কমিশনের ওই নীলনকশারই অংশ। কাজেই ইভিএমে নির্বাচন করে কমিশন পড়েছে মহাগ্যাঁড়াকলে। সমালোচনার হাত থেকে কমিশনের রেহাই পাওয়ার কোনো উপায় নেই।

এ গ্যাঁড়াকল থেকে উদ্ধার পেতে হলে কমিশনের একটিমাত্র উপায় আছে; আর তা হল, প্রতিটি নির্বাচনে ইভিএম বাদ দিয়ে কাগজের ব্যালটে ভোটগ্রহণের ব্যবস্থা করা। অবশ্য সেক্ষেত্রেও দিনের ভোট যাতে দিনে হয়, সে ব্যবস্থা করতে হবে। আচরণবিধির যাতে সঠিক প্রতিপালন ঘটে, সে ব্যবস্থা করতে হবে। কেন্দ্র দখল, বিরোধীদলীয় প্রার্থীদের এজেন্টদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা-হামলা যাতে না হয়, সে ব্যবস্থা করতে হবে। কেউ যেন বিরোধীদলীয় প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের শক্তি প্রয়োগ করে কেন্দ্র থেকে তাড়িয়ে দিতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি একটি নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠান করা যায় তাহলে ভালো ফল পাওয়া যেতে পারে। অন্যথায় একটার পর একটা নির্বাচন হবে ঠিকই; কিন্তু ওই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। আর এমন নির্বাচন দেশে বা বিদেশে গ্রহণযোগ্যতাও পাবে না। ফলে দেশও আর রাজনৈতিক সংকটমুক্ত হবে না। এখন সিটি নির্বাচন ইভিএমে করার ফলে বাংলাদেশের নির্বাচনী সংকট অধিকতর গভীরতার দিকে যাবে বলে প্রতীয়মান হচ্ছে।

ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার : অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

akhtermy@gmail.com