অর্থ ও বাণিজ্য

৭ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্যরা

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেতন কমানোর সার্কুলার বাতিলের দাবিতে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাতে তারা ব্যাংক থেকে বের হয়ে আসেন।

এরআগে রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সেনাকল্যাণ ভবনের প্রধান কার্যালয়ে পর্ষদের সদস্যদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন কর্মকর্তারা। বৈঠকে ১১ ডিসেম্বর বোর্ড সভার জারি করা সার্কুলার বাতিলের দাবি মেনে না নিলে পর্ষদ সদস্যদের অবরুদ্ধ করেন কর্মকর্তারা।

নতুন প্রজ্ঞাপনে ২০১৩ সালের সতন্ত্র বেতন কাঠামো বাতিল করে ২০১৫ সালের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত দেয়া হয়। ২২ ডিসেম্বর থেকে নতুন প্রজ্ঞাপন কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

এরপর থেকে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তারা। এ সময় স্বতন্ত্র বেতন কাঠামো বহাল, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে দায়ীদের বিচার ও লোপাট হওয়া অর্থ আদায়ের দাবি তোলেন তারা।