সদ্য প্রকাশিত
মতামত

অনুমোদনহীন কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৯৩ মিনিট পড়া
অনুমোদনহীন কারখানায় অগ্নিকাণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া লাক্সারি ফ্যান কারখানার শ্রম মন্ত্রণালয় তথা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন এ অধিদফতরের যুগ্ম মহাপরিচালক ফরিদ আহমেদ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় এ কারখানায় আগুন লেগে ১০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মাত্র কয়েকদিন আগে ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকসামগ্রী তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কারখানাটির ১৯ কর্মী। জানা গেছে, ওই কারখানাটিরও কোনো অনুমোদন ছিল না।

এসব তথ্য আমাদের শুধু উদ্বিগ্নই করে না; একইসঙ্গে প্রশ্নের উদ্রেক ঘটায়, দেশে এরকম আর কতশত কারখানা চলছে অনুমোদনহীনভাবে?

অনুমোদন ছাড়া কারখানা চলতে দেয়া হচ্ছে কীভাবে, এটিও এক বড় প্রশ্ন। কারণ এর সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার প্রশ্ন জড়িত। এ ধরনের কোনো কারখানায় দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে যখন কারও মৃত্যু হয়, তখন এর দায়ভার শুধু ওই কারখানা কর্তৃপক্ষের ওপরই নয়, এসব দেখাশোনার দায়িত্ব যাদের সেই সরকারি কর্তৃপক্ষের ওপরও বর্তায়।

কাজেই দুর্ঘটনার জন্য এককভাবে কারখানার মালিকের ওপর দোষারোপ করলে চলবে না, যাদের অনিয়ম বা গাফিলতির কারণে ওই কারখানা নির্বিঘ্নে কাজ চালিয়ে গেছে, তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া দরকার।

জানা গেছে, স্বল্প সময়ের ব্যবধানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি কারখানাই অবস্থিত আবাসিক এলাকায়। দুই কারখানাতেই প্রবেশদ্বার মাত্র একটি করে, যা দিয়ে বেশি মানুষের পক্ষে বের হওয়া কষ্টকর। ফ্যান কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ছিল না বিকল্প সিঁড়ি।

অর্থাৎ, প্রয়োজনীয় কমপ্লায়েন্স ছাড়াই নির্বিঘ্নে চলছিল কারখানাটি। দেখা যাচ্ছে, অতীত থেকে কোনো শিক্ষাই নেয়নি কর্তৃপক্ষ। রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকসামগ্রী অত্যন্ত দাহ্য। এগুলো অগ্নিকাণ্ডের ঝুঁকি বহন করে। আগুনের স্পর্শে এলে তা কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেই অভিজ্ঞতা আমাদের আছে।

এ কারণে এ ধরনের কারখানা এবং এসব সামগ্রী রাখার গুদাম আবাসিক এলাকা থেকে সরিয়ে নেয়ার দাবি দীর্ঘদিনের। এ দাবি যে অন্যায্য নয়, ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনাই এর প্রমাণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। ওই ভবনটিতে ছিল রাসায়নিক পদার্থের গুদাম। এর আগে ২০১০ সালের জুনে পুরান ঢাকারই নিমতলী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১২০ জনেরও বেশি নারী-পুরুষ। সেই অগ্নিকাণ্ডেরও কারণ ছিল রাসায়নিক পদার্থ।

নিমতলী অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদামগুলো সরিয়ে ফেলার দাবি ওঠে জোরেশোরে। এ পরিপ্রেক্ষিতে তালিকা করে ৮০০ রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু কাজটি সম্পাদন হয়নি আজও। এরপর ঘটেছে চকবাজার ট্র্যাজেডি।

এছাড়া ছোটখাটো আরও অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কারখানা স্থানান্তরে কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি। প্রশ্ন হল, মানুষকে এরকম ভয়াবহ ঝুঁকির মধ্যে বসবাস করতে হবে আর কতদিন?

আমরা আশা করব, আবাসিক এলাকা থেকে অবিলম্বে সব দাহ্য পদার্থের গুদাম ও কারখানা সরিয়ে নেয়া হবে। অনুমোদনহীন কারখানা চলতে দেয়া যাবে না। এ ব্যাপারে আর যেন বিলম্ব না ঘটে সেজন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে পদক্ষেপ নেয়া হবে, এটাই কাম্য।