সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বুলু-শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেপ্তারের নির্দেশ

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বুলু-শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেপ্তারের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

 

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

 

এই ২২ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ২৭ জানুয়ারি এ মামলার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, বুলু ও শিমুল বিশ্বাস ছাড়া এই মামলার অন্যতম আসামিরা হলেন মারুফ কামাল খান সোহেল, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। বাকিরা সবাই সাধারণ আসামি।

 

২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নি-সংযোগের ঘটনায় পল্টন থানায় এই নাশকতার মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারি মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

আজ এই মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। শুনানি শেষে মামলার ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

সূত্র: এনটিভি