সদ্য প্রকাশিত
মতামত

প্রাথমিক শিক্ষায় স্টুডেন্টস কাউন্সিল

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৯৪ মিনিট পড়া
প্রাথমিক শিক্ষায় স্টুডেন্টস কাউন্সিল

মতামত ডেস্ক:

A leader is one-

Who knows the way,

Shows the way,

And goes the way  .

জাতীয় উন্নয়নের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও গতিশীল সমাজ সৃষ্টিতে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই।
আর দক্ষতা উন্নয়নের মাধ্যম হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষাই হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৭নং অনুচ্ছেদে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করা হয়েছে। সেই বাধ্যবাধকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৬১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার শুভ সূচনা করেছিলেন। পরবর্তীতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় নামে একটি পৃথক ও সয়ংসম্পূর্ণ মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমানেও সরকারের জাতি গঠনমূলক প্রয়াসে প্রাথমিক শিক্ষা একটি সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১লা জানুয়ারী হতে দেশের প্রায় ২৬২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার প্রতি তাঁর ও তাঁর সরকারের অনুরাগ আবারও প্রমান করেন।
বর্তমান শিক্ষানুরাগি সরকার প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও বিশ্বজনীন করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী ,দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী এবং বর্তমানে চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী। এ সকল কর্মসূচীর আওতায় উল্লেখযোগ্য বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে স্টুডেন্টেস কাউন্সিল গঠন ।
প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল দেশে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের ক্ষেত্রে একটি অনন্য উদ্ভাবনীমূলক পদক্ষেপ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করা এবং তাদেরকে দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুদের গণতন্ত্র চর্চার প্রশিক্ষণসহ কতিপয় শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে অভ্যস্ত করে তাদের ভবিষ্যত কর্মজীবনে এর প্রতিফলন ঘটানোর শিক্ষা দেওয়া। এ কার্যক্রমের উদ্দ্যশ্যসমূহ হচ্ছে শিশুকাল হতে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা প্রদান, বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরেপড়া রোধে সহায়তা প্রদান, শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি।
২০১০ সালে ১৯ জেলার ২০টি উপজেলায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে দেশে প্রথমবারের মত প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার হয় এবং তারা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির প্রত্যেক শ্রেণি থেকে কমপক্ষে ২জন করে মোট ৭জন প্রতিনিধি এক বছর মেয়াদে সরাসরি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ স্টুডেন্টস কাউন্সিল প্রথম সভায় কাউন্সিল প্রধান মনোনীত করে এবং নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে। এছাড়া প্রতি শ্রেণি কক্ষ, শাখা থেকে (১ম-৫ম শ্রেণী) ১জন ছাত্র ও ১জন ছাত্রীকে সহযোগী প্রতিনিধি হিসেবে মনোনীত করে। মনোনীত সহযোগী প্রতিনিধিগণ স্টুডেন্টস কাউন্সিলের কাজে সহযোগিতা করে থাকে। উল্লেখ্য, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পালন করে। শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি এবং অভিভাবকগণ এ বিষয়ে সহযোগিতা করেন। নির্বাচনে মুদ্রিত পোস্টার ও প্রতীক ব্যবহার হয় না ।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচিত ৭জন প্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য হচ্ছে…
(১)পরিবেশ (বিদ্যালয় , আঙ্গিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা ) (২)পুস্তক ও শিখন সামগ্রী (৩)স্বাস্থ্য (৪)ক্রীড়া ও সংস্কৃতি (৫)পানি সম্পদ (৬)বৃক্ষ রোপন, বাগান তৈরি ইত্যাদি (৭)অভ্যর্থনা ও আপ্যায়ন।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের সার্বিক কার্যক্রমে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ,আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয় । পরবর্তী বছর গুলোতেও এ নির্বাচন অনুষ্ঠিত হয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ।
তবে একটু বিবেচনার বিষয় হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের যে দায়িত্ব তার কোন কোনটি শিখন কার্যক্রম চলাকালীন সময়ে প্রয়োজন হতে পারে । সেক্ষেত্রে সেটি তাদের পড়ালেখার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে বিদ্যালয় কর্তপক্ষকে সচেতন থাকতে হবে । তা না হলে এটি তাদের পড়ালেখায় অমনোযোগী করে তুলতে পারে ।
যে মহৎ উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে তা যেন শিশুদের নিয়ে খেলার আয়োজন না হয় ,সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । কথায় আছে ,উপদেশের চেয়ে দৃষ্টান্তই উত্তম ।
আর শিশুরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে । তাই বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল গঠনের চর্চার পাশাপাশি দেশের সরকার , বিরোধী দল , বিভিন্ন রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দর্শন , গণতন্ত্রের চর্চা , গণতন্ত্রের শ্রদ্ধা ,পরস্পরের প্রতি বিশ্বাস ,আস্থা , পরমত সহিষ্ণুতা শিশুদের যাতে অনুপ্রাণিত করে সে বিষয়ে আমাদের নিজেদের শুদ্ধতা আনয়নে সচেতন হতে হবে । কারণ বর্তমানে দেশে প্রচলিত রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চার পরিবর্তন , শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম টনিক যার মাধ্যে পাওয়া যাবে একটি উজ্জ্বল ভবিষ্যতের নাগরিক । দেখা দেবে একটি সুন্দর ও উন্নত আগামী ।

লেখক: মো. আইয়ুব আলী
প্রধান শিক্ষক
রাজশাহী ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

স/শা