সদ্য প্রকাশিত
মতামত

টেকসই নিরাপত্তা নিশ্চিত করে বিদেশে নারী কর্মী পাঠাতে হবে

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৯৭ মিনিট পড়া
টেকসই নিরাপত্তা নিশ্চিত করে বিদেশে নারী কর্মী পাঠাতে হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে প্রতিবছর ২০-২৫ লাখ পুরুষ ও নারীর কর্মসংস্থানের চাহিদা তৈরি হচ্ছে। এ বিপুলসংখ্যক মানুষের জন্য দেশের অভ্যন্তরে চাহিদা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করা বেশ কঠিন।

বেসরকারি হিসাবে প্রতিবছর আমাদের দেশে ৫ লাখ লোকের কর্মসংস্থান করা সম্ভব হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্রমবর্ধিত হারে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়লেও প্রান্তিক নারীরা টেকসইভাবে কর্মসংস্থানে যুক্ত হতে পারছে না। পোশাক শিল্পে দেশের উল্লেখযোগ্য সংখ্যক নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

তাছাড়া অবকাঠামোগত সুযোগ-সুবিধা, পণ্য রফতানিতে লিড টাইম বেশি হওয়া, বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য পরিণতির কারণে চীনা উদ্যোক্তাদের ভিয়েতনামে কারখানা স্থানান্তর, ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি, ইথিওপিয়া পোশাক রফতানিতে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠাসহ নানা কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পোশাক রফতানি খাত।

২০১৭ সালে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ছিল মোট রফতানির সাড়ে ৬ শতাংশ। ২০১৮ সালে এসে তা দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

অপরদিকে, ২০১৭ সালে বিশ্ববাজারে ভিয়েতনামের তৈরি পোশাকের রফতানি ছিল ৫ দশমিক ৯ শতাংশ। ২০১৮ সালে তা এসে দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশে।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে তৈরি পোশাকের বিশ্ববাজার ৪২১ বিলিয়ন ডলারের। এ মার্কেটের সিংহভাগ দখল করে আছে চীন। ২০১৭ সালে মোট বাজারের প্রায় ৩৫ শতাংশ দখল করেছিল চীন। ২০১৮ সালে এসে তা সাড়ে ৩১ শতাংশে নেমে এলেও চীনই এখন তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রফতানিকারক দেশ।

অন্যদিকে এখন পর্যন্ত আমরা ভারি শিল্পের বিকাশ তেমনভাবে ঘটাতে পারিনি। যতক্ষণ পর্যন্ত সম্প্রতি অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, কেনিয়া, ইথিওপিয়াসহ অন্য দেশের মতো আমাদের দেশে ভারি শিল্পের ব্যাপক বিকাশ না ঘটছে, ততক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থান আরও বৃদ্ধি করা কষ্টসাধ্য। সে ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান তৈরিতে বিশাল ভূমিকা রাখছে আমাদের অভিবাসন খাত।

সারা পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটির ওপরে বাংলাদেশি মানুষ অভিবাসী হয়ে বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন। আর সেখানে শুধু পুরুষ অভিবাসন নয়, নারী কর্মী অভিবাসনও চলছে সমান প্রক্রিয়ায়।

বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার নারী কর্মী আজ কর্মরত রয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সৌদি আরবে পুরুষ ও নারী কর্মী পাঠান কার্যত বন্ধ ছিল।

বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ২০১৫ সালে নারী কর্মী পাঠানোর মধ্যে দিয়ে সৌদি আরবে কর্মী পাঠানোর দ্বার পুনরায় উন্মুক্ত হয়। ২০১৫ সালের আগ পর্যন্ত মাত্র ২৬/২৭টি রিক্রুটিং এজেন্সি মহিলা কর্মী বিভিন্ন দেশে প্রেরণ করত।

প্রশাসনের সার্বিক সহায়তার কারণে আজ ২০১৯ সালে এসে বিদেশে বৈধভাবে নারী কর্মী প্রেরণের রিক্রুটিং এজেন্সির সংখ্যা দাঁড়িয়েছে ৬২৩টি। সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে হতদরিদ্র এসব নারী গৃহকর্মীসহ গার্মেন্ট ও অন্য কাজে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমন করছে।

আর এসব নারী কর্মীকে বিদেশ পাঠাতে বোয়েসেলের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলো আইনসম্মতভাবে গ্রাম-গঞ্জের লাখ লাখ বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল বেকার নারীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। এসব প্রবাসী নারী কর্মী বিভিন্ন দেশে কাজ করে যে অর্থ উপার্জন করছে তা দিয়ে পরিবারের অভাব দূর করে মজবুত অর্থনৈতিক ভিত্তি রচনা করছে।

তাদের নিজস্ব আয় দিয়ে ঘরবাড়ি তৈরি, ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো, সঞ্চয় বৃদ্ধি করাসহ পারিবারিক নানা উন্নয়ন কাজকর্ম করতে সক্ষম হচ্ছে। ফলে একদিকে যেমন তাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে একটা গতি সঞ্চার হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবর-২০১৯ পর্যন্ত মোট ৮,৮৭,৪৩২ জন নারী কর্মী গমন করেছে। ২০১৬ সাল থেকে সৌদি আরবে নারী কর্মী প্রেরণের সুযোগ তৈরি হওয়ার পর থেকে ক্রমান্বয়ে এ সংখ্যা বাড়তে থাকে। ২০১৭ সালে মোট ১ লাখ ২১ হাজার ৯২৫ জন নারী কর্মী বিভিন্ন দেশে প্রেরিত হলেও তন্মধ্যে সৌদি আরবে যায় ৮৩ হাজার ৩৫৪ জন।

২০১৮ সালে বিদেশে যায় ১ লাখ ১ হাজার ৬৯৫ জন। জানুয়ারি-অক্টোবর, ২০১৯ পর্যন্ত বিদেশে ৮৯,৭৩৭ জন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে।

বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশে যাওয়া নারীদের ৮০ শতাংশ যায় মূলত সৌদি আরবে। তবে কিছু কিছু এনজিওর তথ্য মোতাবেক ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, কাজের নিরাপদ পরিবেশ না থাকায় সৌদি আরব থেকে প্রতি মাসেই কিছু না কিছু নারী কর্মী দেশে ফিরে আসছে। সরকারি তথ্যমতে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত অনিরাপদ কর্ম পরিবেশের অভিযোগে দেশে ফিরেছে ২ হাজার ২২২ জন গৃহকর্র্মী।

বিদেশে গত ৪ বছরে ১৫২ জন নারী মারা গেছে। শুধু এ বছরই ৫০-এর বেশি নারীর লাশ দেশে এসেছে। ফলে নির্যাতনের এসব অভিযোগ যেমন গণমাধ্যমসহ জাতীয় সংসদে আলোচনা হচ্ছে, তেমনিভাবে অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন এনজিও বা সংস্থার প্রতিনিধিরাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী গৃহকর্মী না পাঠানোর দাবি তুলে ধরছেন। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশে নারী কর্মী নির্যাতনের ঘটনাগুলো উপেক্ষা না করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাম্প্রতিক সময়ে পঞ্চগড় জেলার সুমি নামের এক নারী কর্মীর সৌদি আরবে নির্যাতিত হয়ে ফিরে আসার কাহিনী দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায়, সুমি এক সময় গার্মেন্টে কাজ করত। এক সময় তার মামির মাধ্যমে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। এরপর স্বামীর প্ররোচনায় গৃহকর্মের কথা না জানিয়ে নার্সের কাজের কথা বলে তাকে সৌদি আরব পাঠানো হয়।

বেশ কয়েক মাস সেখানে থাকার পর নির্যাতনের অভিযোগে দেশে ফিরে আসার জন্য ইন্টারনেটের মাধ্যমে তার কান্নাজড়িত আবেগময় ভিডিও প্রকাশ করে, যা ভাইরাল হয়ে যায়। পরে সরকারের প্রচেষ্টায় সে দেশে ফিরে আসে। দেশে ফিরে সুমি বলেছে, তার স্বামী তার বাবার কাছ থেকে অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। এখন সুমির বক্তব্য হল, আমি সৌদিতে আটকা পড়ার পর স্বামী আমাদের বাড়িতে এসে ৬০-৭০ হাজার টাকা নিয়ে গেছে। বাবার টাকা-পয়সা ছিল না। একটা গরু ছিল। সেটি বিক্রি করেও টাকা দিয়েছেন।

এরপর আমি দেশে আসার আগের দিন গাড়ি ভাড়ার কথা বলে আরও ১০ হাজার টাকা নিয়েছে। এ ছাড়া আরও টাকা দাবি করে বাবার নামে মামলাও করেছে। তাই সে এ স্বামীর ঘর না করে এখন সেপারেশন চাচ্ছে। সুমির ঘটনাসহ বহু ঘটনায় দেখা যাচ্ছে, রিক্রুটিং এজেন্সিগুলো বুঝে ওঠার আগেই নির্যাতিত অনেক নারীই মধ্যপ্রাচ্যে যাওয়ার ক্ষেত্রে না বুঝে নিকটাত্মীয়, প্রতিবেশী বা স্থানীয় দালাল দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হয়েছে।

এ ছাড়া কর্মের অনভিজ্ঞতা, খাবারের সমস্যা, পারিবারিক সমস্যা, হোম সিকনেস, আত্মীয়স্বজন-সন্তানদের জন্য মন খারাপ হওয়ায় অনেক নারী গৃহকর্র্মী দেশে ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন। নির্দিষ্ট মেয়াদের আগে দেশে ফিরে আসার জন্য মধ্যপ্রাচ্যের কিছু নারী কর্মী নিজের প্রতি নিপীড়ন-নির্যাতনের কথা বলেন বলেও অভিযোগ রয়েছে।

আশার কথা, নারী কর্মীদের নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। তাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ফলপ্রসূ ও কার্যকর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে বিদেশ পাঠানোর উদ্যোগ আরও শক্তিশালী করা হয়েছে।

নারী কর্মীদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের অধিকার নিশ্চিতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে মন্ত্রণালয়, বিএমইটি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তাৎক্ষণিকভাবে দূতাবাসকে অবহিত করে ত্বরিতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

নিপীড়িত নারী কর্মীদের দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে ১টি, জেদ্দায় ১টি, মদিনায় ১টি এবং ওমানে ১টি সেফ হোম স্থাপন করা হয়েছে।

সর্বোপরি একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের তৈরি পোশাক খাতের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রবাসী অভিবাসন খাত। আর এ অভিবাসন খাতের আয়ের বৃহৎ একটি অংশ আসে নারী কর্মীদের উপার্জন থেকে। তাছাড়া আমাদের দেশের বিদ্যমান জনসংখ্যার একটা বিশাল অংশ হচ্ছে নারী।

যাদের বাদ দিয়ে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এমন বাস্তবতায় নেতিবাচক প্রচারণায় সম্ভাবনাময় নারী কর্মী প্রেরণের খাতটি যাতে হুমকির মুখে না পড়ে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে নারী কর্মীদের বিদেশে প্রেরণের আগেই সেই দেশের ভাষা, কাজের ধরন, সংস্কৃতি, রীতিনীতি, আইনকানুন সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান জরুরি।

নারী কর্মীকে কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশ পাঠানো আগে রিক্রুটিং এজেন্সিগুলোসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থার উচিত হবে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের নির্ধারিত বয়স, বৈবাহিক অবস্থা, সন্তান সংখ্যা, শিশুসন্তান রয়েছে কি না ইত্যাদি পারিবারিক তথ্যের বিষয়ে সার্বিকভাবে অবহিত হয়ে বিদেশ গমনের ব্যবস্থা গ্রহণ করা।

একই সঙ্গে নিয়োগদাতা এবং সেই দেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে সরকারিভাবে একটি কার্যকর ডাটাবেজ (ছবিসহ) অনলাইন পদ্ধতি চালু করতে হবে যাতে এক ক্লিকেই বিদেশে কর্মরত নারী কর্মীর অবস্থানসহ বিস্তারিত তথ্য জানা যায়।

হাসান আহমেদ চৌধুরী কিরণ : শ্রম-অভিবাসন বিশ্লেষক; চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি

kirondebate@gmail.com