সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের বাসিন্দা বুরহান ক্রিস্টি। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত তিনি হাঁটা-চলার ক্ষমতা হারান। হুইলচেয়ারই তার ভরসা। মাত্র দুই ফুট লম্বা বুরহান তার কাছের লোকেদের কাছে অবশ্য বোবো নামেই পরিচিত। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুত্চালিত হুইলচেয়ারই।
সম্প্রতি নরওয়ের অসলোয় এলাহি আয়োজনে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করলেন। ফউজিয়া ছয় ফুট লম্বা। ভালোবাসা যে বাঁধনছাড়া, তা ফের প্রমাণ করলেন বুরহান-ফউজিয়া। বোবোর স্ত্রী ফউজিয়া পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানের শেষে তিনি ফউজিয়ার হাত ধরে জানান, ‘আমরা লাভ ম্যারেজ করেছি। সুখি দম্পতি হওয়ার চেষ্টা করব আমরা।

বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টি দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বোবো। হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন। অতিথিরা সকলেই হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। বোবোর পরনে ছিল ফর্ম্যাল শার্ট-ব্লেজার আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা।
পোলিও আক্রান্ত বোবো ভীষণ এলাহি জীবনযাপন করেন। তিনি একা হাতে অনেক ব্যবসা সামলান। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন তার বন্ধুরা। এ ছাড়া নরওয়েতে সালমান খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পান তিনি। নায়ক-নায়িকা থেকে ক্রিকেটারদের সঙ্গে নিত্য ওঠাবসা তার।










