সিল্কসিটিনিউজ ডেস্ক:
একটা ছবি দিয়ে বহু কথাই বলা সম্ভব। মৃত্যুর দুয়ারে গিয়েও পরিবারের সঙ্গে বিয়ার পান করলেন এক বৃদ্ধ। সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়লে তা সবার মন কেড়ে নিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অ্যাপেলটনের বাসিন্দা নরবার্ট স্কেমের শেষ ইচ্ছা নাকি এমনটাই ছিল।

খবরে বলা হয়, সন্তানদের সঙ্গে শেষবারের মতো বিয়ারে চুমুক দিতে চেয়েছিলেন তিনি। ছবিতে তাকে স্ত্রী জোয়ানে ও তিন পুত্র বব, টম, জনের সঙ্গে দেখা গেছে।
বিবিসির প্রতিবেদন জানিয়েছে, ৮৭ বছর বয়স্ক নরবার্ট স্কেম কোলন ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুর ঘণ্টাকয়েক আগে ওই ছবি তোলা হয়।
মৃত্যুর ঠিক আগে জীবনের শেষ মুহূর্তগুলোয় নিজের পরিবারের সঙ্গে বিয়ারে চুমুক দিয়ে কথাবার্তা, হাসি-ঠাট্টায় মগ্ন ছিলেন মৃত্যুপথযাত্রী নরবার্ট। সেকথাও জানা গিয়েছে ওই প্রতিবেদন থেকে।
টুইটারে একটি ছবি পোস্ট করে তার নাতনি অ্যাডাম বলেন, আমার দাদা আজ মারা গেছেন। গত রাতে তিনি তার সন্তানদের সঙ্গে একসঙ্গে বিয়ারে চুমুক দিতে চেয়েছিলেন।
বৃহস্পতিবার ছবিটি অনলাইনে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যে সেটি তিন লাখেরও বেশি রিটুইট হয়েছে। লাইক পড়েছে তার চেয়েও বেশি।










