সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কোনো যুগেই মসজিদভিত্তিক শিশুশিক্ষা উপেক্ষিত হয়নি। বরং প্রতিটি যুগে মসজিদভিত্তিক শিক্ষার ওপর ভিত্তি করে মুসলমানরা মুসলমান হিসেবে নিজেদের জীবন পরিচালিত করেছে। কিন্তু সেই পরম্পরাগত ঐতিহ্যে বর্তমানে চিড় ধরেছে। ইতিহাসে চোখ ফিরিয়ে নিয়ে আসা যাক—
হিজরি প্রথম সনে মহানবী (সা.) আনসার ও মুহাজিরদের সহযোগিতায় মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। ওই মসজিদের সঙ্গে পৃথক দুটি কক্ষ নির্মাণ করা হয়। এর মধ্যে একটিকে মহানবী (সা.) আবাসগৃহ হিসেবে ব্যবহার করতেন। আর অন্যটি শিক্ষানিকেতন হিসেবে ব্যবহার করতেন। ইতিহাসে এই শিক্ষানিকেতনকে ‘মাদরাসা-ই-সুফফা’ বলা হয়ে থাকে। এ মাদরাসা ছিল আবাসিক। এর মধ্যে স্থানীয় গরিব, দুস্থ, এতিম ও সহায়-সম্বলহীন মুহাজির ও তাঁদের সন্তানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

তবে ‘মাদরাসা-ই-সুফফা’র আগে মদিনায় তিনটি উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়। ওই তিন প্রতিষ্ঠান হলো—(১) মসজিদে বনি জুরায়েখ শিক্ষাকেন্দ্র। (২) মসজিদে কুবা। (৩) নাকিউল খাজামাত শিক্ষাকেন্দ্র। (বাংলাদেশে মাদরাসা শিক্ষা ও সমাজজীবনে তার প্রভাব, পৃষ্ঠা : ৪৮)
মহানবী (সা.)-এর জীবদ্দশায় ৯টি মসজিদ মদিনায় ছিল। এসব মসজিদে মুসলিম শিশুরা শিক্ষা গ্রহণের জন্য সমবেত হতো। আধুনিক যুগের শিক্ষাদান পদ্ধতির মতো তখন ভর্তি পরীক্ষা ও বেতনের দ্বারা শিক্ষার দ্বার সংকুচিত ছিল না।
৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদার যুগ বলা হয়। এ যুগের প্রথম দিকে কোনো সাধারণ শিক্ষাকেন্দ্র ছিল না। প্রাথমিকভাবে মসজিদকেন্দ্রিক শিক্ষার প্রসার হয়। ওমর (রা.) ইসলামী শিক্ষার ওপর বক্তৃতা দেওয়ার জন্য কুফা, দামেস্ক ও বসরায় বিদ্বান ব্যক্তিদের নিয়োজিত করেছেন। ওমর (রা.) কুফা শহরের ভিত্তি স্থাপন করেন। এরপর বসরা নগরী কুফার মতো ইসলামী শিক্ষা প্রচারের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
খোলাফায়ে রাশেদার পরে ইসলামের ইতিহাসে সুদীর্ঘ সময় ধরে আরবের ঐতিহ্যবাহী কোরাইশ গোত্রের দুটি প্রতিদ্বন্দ্বী শাখা উমাইয়া ও হাশেমীয়রা মুসলিম সাম্রাজ্যের শাসন করেন। উমাইয়া খিলাফত ছিল ৬৬১ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্যদিকে আব্বাসীয় খেলাফত ছিল ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। খিলাফত দুটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, উমাইয়া খিলাফত আমলে ইসলামের বিজয় কেতন উড্ডয়ন ও মুসলিম সাম্রাজ্যের প্রচারের দিকে তাঁদের মনোযোগ ছিল। অন্যদিকে আব্বাসীয় যুগে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও জাগতিক উত্কর্ষ সাধিত হয়েছিল।
উমাইয়া আমলে শিক্ষাব্যবস্থার দুটি রূপ পাওয়া যায়—১. খলিফা ও অভিজাত শ্রেণির ছেলে-মেয়েদের শিক্ষাব্যবস্থা, ২. সাধারণ লোকদের সন্তান-সন্ততির শিক্ষাব্যবস্থা।
আব্বাসীয় যুগের শিক্ষাব্যবস্থা উমাইয়া যুগের শিক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে রচিত। আব্বাসীয় খলিফারা রাজ্য শাসন ও রাজ্য জয় অপেক্ষা জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষার উত্কর্ষ সাধনে ইতিহাসে অধিক খ্যাতি ও প্রসিদ্ধি অর্জন করেছেন। এ যুগ ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে পরিচিত।
আব্বাসীয় যুগেও বিশেষ কোনো নির্দিষ্ট শিক্ষাপদ্ধতি ছিল না; যদিও সে সময় সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অনেক বিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং অনেক মক্তব-মাদরাসাও গড়ে উঠেছিল। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি রূপ ছিল—১. প্রাথমিক ও ২. উচ্চ পর্যায়ের।
প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাভাবিকভাবে জন্মেছিল মসজিদ ও গৃহাঙ্গনে। আর উচ্চশিক্ষার আগে ছিল বায়তুল হিকমাহ। খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানে সৌরবিজ্ঞান, অনুবাদ, বিশেষ করে প্রাচীন গ্রিক, সিরীয় ও পারসি সাহিত্যের অনুবাদ, সাহিত্য শিক্ষাদানের মাধ্যমে ধর্ম, দর্শন ইত্যাদি শিক্ষা দেওয়া হতো।
আব্বাসীয়দের খিলাফত লাভের পর উমাইয়া বংশের আবদুর রহমান আরব উপমহাদেশ থেকে পালিয়ে কালক্রমে স্পেনে খিলাফত কায়েম করেন। তাঁর বংশধররাই ইতিহাসে মুরিস স্পেন নামে খ্যাত। উমাইয়াদের খিলাফত স্পেনে কায়েম হওয়ার ফলে কালক্রমে গোটা ইউরোপ ও আফ্রিকায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ে। মুরদের আমলে স্পেন গোটা ইউরোপ ও আফ্রিকার Seat of learning বা শিক্ষার বেদিমূল হিসেবে গৌরবময় মর্যাদা লাভ করেছিল ।
কর্ডোভা, সেভিল, জেইন ও মালাগারের কলেজগুলোতে উচ্চশিক্ষা লাভ করার জন্য ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ড থেকে শিক্ষার্থীরা ভিড় জমাত। শুধু কর্ডোভায়ই ৭০টি পাবলিক লাইব্রেরি, ৭০টি কলেজ ও প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য ২০০টি স্কুল ছিল।
স্পেনবিষয়ক গবেষক ড. রেজা সাইদ জানিয়েছেন, আরবরা স্পেনের কর্ডোভা, সেভিল, গ্রানাডা, মালাগা ইত্যাদি অঞ্চলে মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ‘স্পেনে বৃহত্ পরিসরের ১৭টি মাদরাসা ছিল। এবং ১২০টি ছোট আকারের মাদরাসাও ছিল। (মুকবিল, ড. রেজা সাইদ, তারিখুল মাকতাবাতি ফিল আন্দালুস, দ্বিতীয় সংস্করণ, মাকতাবাতুস সাকাফাতুদ দ্বিনিয়্যাহ, কায়রো, ২০০৯, পৃষ্ঠা : ৪৬)
স্পেনে মুসলমানরা ছিল শতভাগ শিক্ষিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক বিষয়ের জ্ঞান আহরণের ক্ষেত্রেও মুসলমানরা গোটা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সে সময় পৃথিবীর বিখ্যাত তিনটি প্রধান গ্রন্থাগার ছিল। একটি আব্বাসীয় খলিফাদের গ্রন্থাগার, দ্বিতীয়টি মিসরের ফাতেমীয়দের গ্রন্থাগার ও তৃতীয়টি স্পেনে উমাইয়াদের গ্রন্থাগার। এ লাইব্রেরিতে ৪০ লাখের বেশি গ্রন্থের মজুদ ছিল। ঐতিহাসিক ইমামউদ্দিন বলেন, ওই লাইব্রেরিতে ৬০ লাখের বেশি গ্রন্থ ছিল। (ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক, স্পেনে মুসলিম ইতিহাস ও কীর্তি, পৃষ্ঠা : ২৮২)
ওমর (রা)-এর সময় মিসর মুসলমানদের অধীনে আসে। সেই থেকে মুসলিম শাসন ও শিক্ষার প্রভাবে দেশটি বিপুল সমৃদ্ধি লাভ করে শিক্ষা ও সংস্কৃতিতে। কালক্রমে ফাতেমীয় আমলে মুসলিম শিক্ষাব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। পরিব্রাজক বেনজামিন তাঁর ভ্রমণকাহিনিতে
(Itinerary) লিখেছেন, তিনি ফাতেমীয় আমলে ২০টির বেশি দর্শনচর্চার প্রতিষ্ঠান দেখতে পান। কায়রোতে সে আমলে অসংখ্য কলেজ ছিল। রাজকীয় বা Imperial Library-তে এক লাখের মতো বাঁধাই করা বই ছিল। অধ্যয়ন করার জন্য বিনা চার্জে এসব গ্রন্থ ধার দেওয়া হতো। ফাতেমিরা তাঁদের পূর্বপুরুষদের মতোই বিদ্যোত্সাহী ও জ্ঞানানুশীলনে মশগুল ছিলেন। তাঁদের আমলে দারুল হিকমাহ বা বিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল।
রাসুল (সা.)-এর বিদ্যাপীঠ হিসেবে মসজিদের ব্যবহারই পরে শিক্ষার গণমুখী প্রসার ও সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করেছে। ঐতিহাসিক ইয়াকুবির মতে, বাগদাদে ৩০ হাজার মসজিদ শিক্ষাদানের জন্য ব্যবহূত হতো। বড় বড় মসজিদে পাঠ্যতালিকা ভাগ করা ছিল।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা যখনই কোনো দেশ জয় করেছে, তখনই তারা সে দেশে তাদের বাসস্থানসংলগ্ন স্থানে মসজিদ নির্মাণ করেছে। এবং মসজিদকে কেন্দ্র করে ইসলামী শিক্ষার প্রসার ঘটানো হয়েছে। আর এখন মুসলমানরা এই ঐতিহ্য থেকে কত দূরে?
লেখক : সাংবাদিক
kasemsharifcu@gmail.com










