অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.৮ শতাংশ

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি অর্থবছরে (২০১৯-২০) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হবে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামী অর্থবছরে (২০২০-২১) ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছে সংস্থাটি।

ওয়াশিংটন থেকে মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি বছর সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। এ অঞ্চলে বাংলাদেশের পরে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে নেপালে, ৭ দশমিক ১ শতাংশ। কম্বোডিয়ার প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। ভারত ও চীনের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ করে।

এর আগে গত ১০ অক্টোবর বিশ্বব্যাংক ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়। বিশ্বব্যাংকের সঙ্গে আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধির পার্থক্য দশমিক ৬ শতাংশ। তবে আন্তর্জাতিক দুই সংস্থার এই প্রবৃদ্ধি সরকারের ৮ দশমিক ১ শতাংশ প্রাক্কলিত প্রবৃদ্ধি থেকে অনেক কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৫ শতাংশ, যা আগামী বছরও একই থাকবে।

আইএমএফের এ প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি চলতি বছর কমে যাবে বলে পূর্বাভাস রয়েছে। ২০১৮ সালে বিশ্ব অর্থনীতিতে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৯ সালে তা কমে ৩ শতাংশ হবে বলে মনে করছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ, বিশ্বব্যাপী ব্যবসায়িক আস্থার ঘাটতি, জাপানে প্রাকৃতিক দুর্যোগ, জার্মানিতে পরিবেশ ইস্যুতে গাড়ি উৎপাদন কমে যাওয়া, এশিয়ার বিভিন্ন অঞ্চলে চাহিদা কমে যাওয়াসহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা বিরাজ করবে বলে জানিয়েছে আইএমএফ।