সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার লড়াইটা গত ১০-১৪ দিনে আরও বেশি হাড্ডাহাড্ডি অবস্থায় পৌঁছেছে। গত বুধবার কুইনিপিয়াক ইউনিভার্সিটি ও সিএনএন/ওআরসির আলাদা দুটি জরিপে এমন আভাস দেওয়া হয়েছিল। সর্বশেষ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর ‘রোড টু ২৭০’ ম্যাপেও তেমন হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস মিলেছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অনুযায়ী কোনও প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ভোট পেতে হয়। সিএনএন-এর ‘রোড টু ২৭০’ ম্যাপ অনুযায়ী, এখন পর্যন্ত হিলারি ২৬৮টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে মনে করা হচ্ছে। তবে খুব একটা পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। তার পক্ষে ২০৪টি ইলেক্টরের সমর্থন থাকলেও ৬৬টি ইলেক্টোরাল ভোট নিয়ে এখনও আভাস দেওয়া সম্ভব হচ্ছে না। এ ইলেক্টোরাল ভোটগুলো নিশ্চিত করতে দুই প্রার্থীকেই তুমুল লড়াই চালাতে হবে।

আবার কিছু কিছু অঙ্গরাজ্যের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হতে দেখা যাচ্ছে। অর্থাৎ, কোনও অঙ্গরাজ্যে হয়তো রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা ম্লান ছিল, শেষ মুহূর্তে সেই অঙ্গরাজ্যটিই হয়তো ব্যাটলগ্রাউন্ডে পরিণত হচ্ছে।
সিএনএন-এর প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট মেইন ‘ব্যাটলগ্রাউন্ড’ বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকা থেকে এখন তা রিপাবলিকানদের জন্য হতাশাজনক এলাকায় পরিণত হয়েছে। আবার নিউ হ্যাম্পশায়ার এলাকাটি ডেমোক্র্যাটদের জয়ের ক্ষেত্রে অসম্ভব বলে বিবেচিত হলেও হঠাৎই পরিস্থিতি বদলে তা হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকায় পরিণত হয়েছে। একইরকম করে ওহাইও এবং ইউটাহ অঙ্গরাজ্য ব্যাটলগ্রাউন্ড বলে এতোদিন বিবেচিত হয়ে আসলেও তা এখন রিপাবলিকানদের জয়ের জন্য অসম্ভাব্য এলাকায় পরিণত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। প্রতিটি অঙ্গরাজ্যের কংগ্রেসনাল প্রতিনিধিদের সংখ্যার ভিত্তিতে ইলেক্টর নিযুক্ত করা হয়। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় কোনও কংগ্রেস প্রতিনিধি না থাকায় সেখানে তিনজন ইলেক্টর এমনি নিযুক্ত করা হয়। অর্থাৎ সর্বমোট ৪৩৫ জন হাউজ রিপ্রেজেন্টিটিভ, ১০০ জন সিনেটর ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তিন ইলেক্টরসহ ৫৩৮ জন ইলেক্টর হিসেব করা হয়।

সাম্প্রতিক বিভিন্ন জরিপেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গত দুই সপ্তাহে চালানো বিভিন্ন জরিপে দেখা গেছে ভোট পাওয়ার দিক দিয়ে ট্রাম্প ও হিলারির ব্যবধান অনেক কমে গেছে।
বুধবার বিকেলে কুইনিপিয়াক ইউনিভার্সিটি থেকে প্রকাশিত জরিপে দেখা যায়, ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্যে একেবারেই সামান্য ব্যবধানেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি। অবশ্য, ওহাইও অঙ্গরাজ্যে হিলারির চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন। আর বুধবার সকালে প্রকাশিত এর জরিপে দেখা গেছে হিলারির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ মার্কিনি। আর ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ মার্কিনি।
কুইনিপিয়াক ইউনিভিার্সিটি সুইং স্টেট পোল-এ দেখা যায় নর্থ ক্যারোলিনায় এ দুই প্রার্থীর অবস্থান প্রায় সমান সমান। পেনসিলভানিয়ায় ট্রাম্পের চেয়ে হিলারি সামান্য এগিয়ে থাকলেও ওহাইওতে হিলারির চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন। আর সিএনএন/ওআরসির জরিপ বলছে, পেনসিলভানিয়ায় হিলারি ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তবে নেভাদা ও আরিজোনায় এ দুই প্রার্থীর অবস্থান সমান সমান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফক্স নিউজ-এর চালানো সর্বশেষ জরিপে আগের জরিপের চেয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের ভোটের ব্যবধান কমেছে। শুক্রবার (৪ নভেম্বর) প্রকাশিত জরিপে ২ শতাংশ পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। অথচ তার আগের জরিপে হিলারি ৩ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ফক্স নিউজ।
সূত্র: বাংলা ট্রিবিউন










