সিল্কসিটিনিউজ ডেস্ক:
ছানার পোলাও খুবই সুস্বাদু একটি খাবার। পূজায় প্রায় প্রতিটি বাড়িতে এই খাবারের আয়োজন থাকে। পূজায় প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ছানার পোলাও।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ছানার পোলাও-

উপকরণ
ছানা দেড় কাপ, চালের গুঁড়া (বাসমতি বা গবিন্দ্রভোগ) আধা কাপ (ভিজিয়ে গুঁড়া করা), ঘি ২/৩ টেবিল চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো, সিরার জন্য চিনি ২ কাপ, পানি ২ কাপ, তেজপাতা ২/৩টি, দারুচিনি ২/৩ টুকরা।
প্রণালী
ছানার সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে ভালো করে হাতের তালু দিয়ে মথতে হবে। একদম মসৃণ হয়ে গেলে একটা বাটিতে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
২ কাপ পানিতে ২ কাপ চিনি নিয়ে তেজপাতা ও দারুচিনি দিয়ে সিরা করে রাখুন। অল্প ছানার মিশ্রণ আলাদা করে রাখুন ছোট মিষ্টি করার জন্য।
হাঁড়িতে তেল গরম করে তাতে একটা স্টিলের চালনি রেখে বুন্দিয়ার ঝাঁজরি বা গ্রেটারে গ্রেট করে গরম তেলে ছাড়তে হবে।
ছানার পোলাও কালার আসার আগেই চালনি উঠিয়ে নিন। এবার গরম সিরায় ঢেলে দিন। সব ভাজা হলে সিরাতে ঘি দিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
এবার আলাদা করে রাখা ছানা দিয়ে ছোট ছোট বল তৈরি করে তেলে বাদামি করে ভেজে সিরাতে ছেড়ে দিন। ছানার পোলাও উঠিয়ে ওপরে ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করুন।









