সব খবর

চাঁপাইনবাবগঞ্জে চিত্রনায়িকা মাহি’র আজ বিবাহোত্তর সংবর্ধনা

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬২ মিনিট পড়া

কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ:
বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিবাহের অনুষ্ঠানিকতা গেল ২৫ মে সম্পূর্ণ হয়েছে । কিন্তু তারপর মাহির নিজ গ্রামের বাড়িতে আসা হয়নি। গ্রামেরও অনেক আত্বীয়-স্বজন ঢাকায় তার বিয়েতে যেতে পারেননি। আর তাই আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে মাহির বিয়ে পরবর্তী সংবর্ধনা।

এ উপলক্ষে দু’দিন পূর্বেই গ্রামের বাড়িতে সব প্রস্তুতি সম্পন্নও করে রাখা হয়। কন্যানগর গ্রামে মাহিয়া মাহির দাদার বাড়ি। মাহির বাবার নাম আবু বক্কর সিদ্দিক খোকন ও দাদা সাজ্জাদ আলী।

সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে গত ২৫ মে ঢাকার উত্তরায় একটি রেস্তোঁরায় মাহির বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পুর্ণ হয়। অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করেছেন।বর্তমানে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত।

মাহির বাবা আবু বক্কর সিদ্দিক খোকন সিল্কসিটিনিউজকে জানান, দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই তাদের বিবাহ সম্পূর্ণ হয়। তবে গ্রামের অনেক আত্বীয়-স্বজন ঢাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাই গ্রামের লোকজন ও আত্মীয়-স্বজনের কথা ভেবে  রোববার কন্যানগরে মাহির বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো জানান, আগামী ২০ জুলাই ঢাকায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে সিলেটে শ্বশুরবাড়িতে বিদায় হবে মাহি। আগামী ২৪ জুলাই সিলেটেও বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হবে।

মাহির বাবা জানান, মাহিয়া মাহি ছোট থেকে ঢাকায় বড় হলেও গ্রামে দাদা-দাদী, আত্মীয়-স্বজনদের দোয়ায় আজ এত দূর এগিয়েছে। সে গ্রামের পরিবেশকে ভালোবাসে। মাঝে মধ্যেই মাহি নাড়ীর টানে গ্রামে ছুটে আসতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, কন্যানগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের এবং ঢাকা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আত্মীয়-স্বজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় বাড়ির উঠানে গায়ে হলুদের আয়োজন করা হয়। মাহিয়া মাহি ইতিমধ্যেই গ্রামের বাড়ি নাচোলের কন্যানগরে এসে পৌঁছেছেন।

মাহিয়া মাহি বলেন, ‘পরিবারের পছন্দ অনুযায়ী আমি বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাই আমি আমার স্বামী অপুকে নিয়ে সুখি’।

স/আর