সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের করাচিতে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে পাকিস্তানের সামগ্রিক রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

রেলওয়ের আঞ্চলিক সুপারিন্টেনডেন্ট নাসির নাজির এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে করাচির লান্ধি রেলস্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জুমা গোথ ও লান্ধির মধ্যবর্তী স্থানে ফারিদ এক্সপ্রেসের পেছনের অংশে জাকারিয়া এক্সপ্রেস নামের একটি ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তা নাসির নাজির বলেন, তারা এ মুহূর্তে উদ্ধারকাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন। তবে পরে এ বিষয়ে তদন্ত চালানো হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন










