সদ্য প্রকাশিত
মতামত

সংসদে কোরাম সংকট প্রসঙ্গে

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৯৬ মিনিট পড়া
সংসদে কোরাম সংকট প্রসঙ্গে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাতীয় সংসদে কোরাম সংকট এবং বিল পাসের সময়ের স্বল্পতার ওপর একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে নতুন তথ্য দিয়ে যেসব কথা বলা হয়েছে তার কোনোটিই নতুন কথা নয়।

এ সবই খুব পুরনো কথা। এই রিপোর্ট প্রধানত দশম সংসদের ওপর হলেও এতে অষ্টম ও নবম সংসদের বিষয়েও কিছু তথ্য দেয়া হয়েছে, যার সঙ্গে দশম সংসদের অবস্থার বিশেষ কোনো পার্থক্য নেই।

আশির দশক থেকে জাতীয় সংসদে কোরাম সংকট এক নিয়মিত ব্যাপার হিসেবে দেখা দিচ্ছে। কাজেই এই সংকট কোনো ব্যতিক্রমী ব্যাপার নয় অষ্টম, নবম ও দশম সংসদের ক্ষেত্রে। বর্তমানের একাদশ সংসদেও সেই একই ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রয়েছে।

দশম সংসদে গড় কোরাম সংকট ছিল প্রতিদিন ২৮ মিনিট। মোট ২৩টি অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট কোরাম সংকট ছিল (যুগান্তর, ডেইলি স্টার, ২৯.০৮.১৯)। সংবিধান অনুযায়ী ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম হয় না এবং কোরাম না হলে কোনো কার্যক্রমই পার্লামেন্টে আইনসিদ্ধ নয়।

দেখা যাচ্ছে, তিনশ’র বেশি সদস্যের মধ্যে ৬০ জন সদস্যের উপস্থিতিও প্রায় নিশ্চিত থাকে না। প্রতিদিনই কোরাম সংকট হয়। কোরাম সংকটের ফলে অর্থের অপচয় হয় অনেক। দশম সংসদে এভাবে অপচয় হয়েছে ১৬৪ কোটি টাকা, যা হল জনগণের দেয়া ট্যাক্সের টাকা।

যে কোনো দেশের পার্লামেন্টে কোরাম সংকট এক ব্যতিক্রমী ব্যাপার। কখনও-সখনও তা ঘটে থাকে। পশ্চিমা দেশগুলোর পার্লামেন্টে কোরাম সংকটের কোনো কথা শোনা যায় না। ভারতের পার্লামেন্ট এবং পশ্চিমবঙ্গের বিধানসভাতেও কোরাম সংকটের ব্যাপার নেই।

তাদের কোনো অধিবেশনেই কোরাম সংকটের ফলে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত এবং অর্থ অপচয়ের কথা শোনা যায় না। পাকিস্তান আমলে পূর্ব বাংলার আইনসভা এবং পরে প্রাদেশিক পরিষদেও কোনো দিন কোরাম সংকট হয়নি। এমনকি বাংলাদেশে ১৯৭৩ সালে নির্বাচিত জাতীয় সংসদেও কোনো দিন কোরাম সংকট হয়নি। এটা হতে দেখা যায় আশির দশক থেকে।

টিআইবির রিপোর্টে বলা হয়েছে, দশম সংসদের সদস্যদের ৫৯ শতাংশ ব্যবসায়ী। এর বাইরে আইনজীবী ১৩ শতাংশ, রাজনীতিক ৭ শতাংশ এবং শিক্ষক, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, গৃহিণী ও পরামর্শক হলেন ২১ শতাংশ।

লক্ষ করার বিষয় যে, সংসদের বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যই ব্যবসায়ী এবং রাজনীতিবিদের সংখ্যা ৭ শতাংশ! রাজনীতিবিদের সংখ্যাই যেখানে সর্বোচ্চ, শতভাগের কাছাকাছি হওয়ার কথা, সেখানে তাদের সংখ্যা মাত্র ৭ শতাংশ হওয়া থেকে দেখা যায় যে, সংসদের নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে নেই, আছে ব্যবসায়ীদের হাতে!

টিআইবির রিপোর্টে ব্যবসায়ীর সংখ্যা বলা হয়েছে ৫৯ শতাংশ। কিন্তু আসলে এ সংখ্যা আরও অনেক বেশি। কারণ অন্য যারা আছেন তারা সরাসরি কোনো ব্যবসায়ী হাউসের লোক না হলেও নানাভাবে ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত।

ব্যবসায়ীদের হাতেই এখন বাংলাদেশের শাসনক্ষমতা চলে গেছে। তারাই দেশীয় থেকে নিয়ে সব ধরনের বৈদেশিক নীতি নির্ধারণ ও কার্যকর করছে। ১৯৭২ সাল থেকেই এ প্রক্রিয়ার শুরু।

সে সময় সব ব্যবসা-বাণিজ্য-শিল্প ইত্যাদির শীর্ষদেশ জাতীয়করণ করায় ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের আইনগত অসুবিধা থাকায় ব্যক্তিগত খাতে অভ্যন্তরীণ ব্যবসা দাঁড়ায় চোরাকারবার, মজুদদারি ইত্যাদিতে।

বৈদেশিক বাণিজ্য দাঁড়ায় চোরাচালানে। এভাবে একটি ক্রিমিনাল গোষ্ঠীর হাতে ব্যক্তিগত খাতে ব্যবসা-বাণিজ্য কেন্দ্রীভূত হয়। পরে জাতীয়করণ নীতি প্রত্যাহার করার পর এই ব্যবসায়ীরাই বাংলাদেশে শিল্পমালিক ও ব্যবসায়ী শ্রেণি হিসেবে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয়।

আশির দশকের আগেই এরা নিজেদের অবস্থার প্রভূত উন্নতি করে এবং আশির দশক থেকে শুরু হয় তাদের জয়যাত্রা। এরপর এই ব্যবসায়ীরাই বাংলাদেশে ক্ষমতা দখল করে সারা দেশে আজ যে নৈরাজ্য ও অরাজকতা দেখা যাচ্ছে তা সৃষ্টি করে। দশম সংসদে এদের সংখ্যা ৫৯ শতাংশ হওয়া এবং অন্যরাও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত থাকা থেকেই এ বিষয়টি বেশ স্পষ্টভাবে দেখা যায়।

সংসদ অধিবেশনে কোরাম না হওয়ার কারণ সংসদে ব্যবসায়ীদের বিপুল সংখ্যাধিক্য। এদের সঙ্গে প্রকৃত রাজনীতির কোনো সম্পর্ক নেই, যা সংসদ সদস্যদের থাকা দরকার। এরা নিজেদের ব্যবসায়ী স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না এবং রাজনৈতিক দায়িত্ব-কর্তব্য পালনেও অপারগ থাকে।

সংসদ অধিবেশন চলাকালে এরা সংসদে উপস্থিত থেকে সময় নষ্ট করার পরিবর্তে নিজেদের ব্যবসায়ী অফিসে এবং সরকারি সেক্রেটারিয়েট ও অন্যান্য অফিসে নিজেদের কাজ দেখাশোনাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। এটাই তাদের অনুপস্থিতি এবং কোরাম সংকটের কারণ। যতদিন বাংলাদেশে ব্যবসায়ীরা শাসনক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত এ পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

কোরাম সংকট ছাড়াও একেকটি বিল পাসের সময়ের ওপরও টিআইবির রিপোর্ট করা হয়েছে। এতে বলা হয়েছে যে, দশম সংসদে ৭১ শতাংশ বিল পাস হয়েছে ১ থেকে ৩০ মিনিটের মধ্যে! ২১ থেকে ৪০ মিনিট সময়ের মধ্যে পাস হয়েছে ৪৫ শতাংশ বিল।

৮ শতাংশ বিল পাস হতে সময় লেগেছে ৪০ থেকে ৬০ মিনিট। ৬০ মিনিটের বেশি সময় নিয়ে পাস হয়েছে একটিমাত্র বিল। এদিক দিয়ে তুলনায় যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে আইন প্রণয়নে ব্যয় হয় ৪৮ শতাংশ সময়। ভারতের লোকসভায় এই হার ৩২ শতাংশ।

বাংলাদেশের দশম সংসদে ১৯৩টি বিল পাস হয়েছে। প্রতিটি বিল পাস হতে সময় লেগেছে গড়ে ৩২ মিনিট। অন্যদিকে ভারতের লোকসভায় প্রতিটি বিল পাস হতে গড়ে ১৪১ মিনিট সময় লাগে (যুগান্তর, ২৯.০৮.২০১৯)।

বোঝাই যাচ্ছে, বাংলাদেশের পার্লামেন্ট বা জাতীয় সংসদে প্রতিটি বিল বেশ তাড়াহুড়ো করেই পাস হয়। এর জন্য কোনো উল্লেখযোগ্য বিতর্কই হয় না। কিছু মামুলি কথাবার্তার পর বিল পাস হয়। তাছাড়া এ সময় অধিকাংশ সংসদ সদস্যই নিজেদের সাংস্কৃতিক মানের নিুতার পরিচয় দেন।

তারা পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করে কটূক্তি করেন। সংসদের ভেতরে কোনো সিরিয়াস আলোচনার পরিবর্তে ঝগড়া ও খিস্তিখেউরের একটা আবহাওয়াই সৃষ্টি হয়। এছাড়া টিআইবির রিপোর্টে আরও বলা হয়েছে যে, দশম সংসদে সদস্যরা ১০ শতাংশ সময় ব্যয় করেন সরকার ও সরকারপ্রধানের প্রশংসায় (ডেইলি স্টার, ২৯.০৮.২০১৯)।

তাড়াহুড়ো করে বিল পাস করা এবং বিলের ওপর কোনো প্রকৃত ও উল্লেখযোগ্য আলোচনা না হওয়ার বিষয়টি নতুন নয়। ১৯৭২ সালে গঠিত সংসদ এবং ১৯৭৩ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেও এই একই ব্যাপার হতো।

শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানের খসড়া সংসদে পেশ করার পর তার ওপরেও প্রকৃত কোনো আলোচনা হয়নি। নিয়ম হচ্ছে প্রস্তাবিত খসড়া প্রথমে পুরোটা পাঠ করা, যাকে বলা হয় প্রথম রিডিং। দ্বিতীয় রিডিংই আসলে গুরুত্বপূর্ণ এ কারণে যে, এই দ্বিতীয় রিডিংয়ের সময় প্রতিটি ধারা নিয়ে আলোচনা, বিতর্ক হওয়ার পর তা ভোটে দেয়া হয়।

এর জন্য সময় লাগে। স্বাধীনতার পর ভারতের সংবিধানের দ্বিতীয় পাঠের সময় লেগেছিল অনেক মাস। দীর্ঘ সময়। কিন্তু বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় পাঠ একদিনেই কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়েছিল!! এবং এই সময়ের মধ্যে বেশিটাই ব্যয় হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসায়!!!

০১.০৯.২০১৯

বদরুদ্দীন উমর : সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল