সদ্য প্রকাশিত
বিচিত্র

শিশুর ৫২৬টি দাঁত অপসারণ

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৯২ মিনিট পড়া
শিশুর ৫২৬টি দাঁত অপসারণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাত বছর বয়সী এক শিশুর চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে। এতে হতবাক হয়েছেন চিকিৎসকেরাও। ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচারের পর খবরটি সামনে এসেছে।

চেন্নাইয়ের চিকিৎসকেরা বলেছেন, সাত বছর বয়সী রবীন্দ্রনাথের চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে।

আরও ছোট বয়স থেকেই চোয়ালে অস্বস্তি হতো শিশু রবীন্দ্রনাথের। তিন বছর বয়স থেকেই শিশুটি ওর বাবা-মাকে বলে আসছে সে কথা। এর চার বছর পর চিকিৎসকেরা তার চোয়ালের (ডান পাশের নিচের দিক) ভেতরে প্রচুরসংখ্যক দাঁতের মতো শক্ত কিছুর অস্তিত্ব পান। সেগুলো অপসারণ করেছেন চিকিৎসকেরা।

সন্তানের মুখে ক্যানসার হয়েছে কি না, এই ভেবে ওকে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে ভর্তি করিয়েছিলেন বাবা-মা। পরে চিকিৎসকেরা রবীন্দ্রনাথের চোয়ালে প্রায় ২০০ গ্রাম ওজনের শক্ত কিছুর অস্তিত্ব পান, যা সরিয়ে ফেলা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।

দাঁতের শল্যচিকিৎসক সেনথিলনাথন বলেন, টিউমারটি খুব ভালোভাবে শনাক্ত করা গেছে। সেটি ৪ থেকে ৫ সেন্টিমিটারের, এর মধ্যে ৩ সেন্টিমিটার ছিল চোয়ালের ডান পাশের নিচের দিকে, যা পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে।

টিউমারটি অপসারণের পর হাসপাতালের কর্মীরা কেটে দেখেন, এতে ১ থেকে ১৫ মিলিমিটার আকারের ৫২৬টি দাঁতের মতো টুকরো আছে। ওই টিউমারটির পিণ্ড হিস্টোপ্যাথলজি বিভাগে জমা দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে মুম্বাইয়ের এক শিশুর মুখ থেকে ২৩২টি দাঁত অপসারণ করা হয়েছিল।