সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় পুলিশের অভিযানে আরও দু’জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। একই এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় ব্যাপক প্রাণহানির কয়েকদিনের মাথায় এ অভিযান চালানো হলো। শুক্রবার ভারতীয় পুলিশের তরফে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় মাওবাদীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনার কথা জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

পুলিশ জানায়,গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালে সন্দেহভাজন দুই বিদ্রোহীর সন্ধান পাওয়ার পর তারা সেখানে হামলা হামলা চালায়। এতে ওই দুই সন্দেহভাজন নিহত হয়। সোমবার এ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল বিদ্রোহীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।
হামলাস্থল উড়িষ্যা রাজ্য থেকে টেলিফোনে সাব-ইন্সপেক্টর সি কে ধারুয়া বলেন, সোমবারের বন্দুকযুদ্ধের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ভারতের কমপক্ষে ২০টি রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তারা নিজস্ব ভূমি, চাকুরি ও নিজেদের অধিকার আদায়ে কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










