অর্থ ও বাণিজ্য

যশোরে মাছ উৎপাদনে রেকর্ড

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোর জেলায় চাহিদার তুলনায় প্রায় চার গুণের বেশি মাছ উৎপাদনের রেকর্ড হয়েছে। রুই, কাতল, মৃগেল, বাগদা, গলদা চিংড়ি, পাঙাশ, শিং, মাগুর ও কৈ মাছ জেলার চাহিদা পূরণ করে এক লাখ ৭৮ হাজার টন উদ্বৃত্ত রয়েছে। উৎপাদিত মাছ দেশ ও বিদেশে রফতানি করা হচ্ছে।

২০১৮-১৯ অর্থবছরে শুধু রাজস্ব আয় হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। বুধবার সকালে যশোর জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, যশোরে মাছের মোট চাহিদা ৬০ হাজার ৫৬১ টন। উৎপাদন হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৫৮৮ টন- যা চাহিদার তুলনায় এক লাখ ৭৮ হাজার ২৭ টন বেশি।

২০১৭-১৮ অর্থবছরে দুই লাখ ৩৬ হাজার ৪২০ টন ও ২০১৬-১৭ অর্থবছরে দুই লাখ ২৪ হাজার ৭৬৭ টন মাছ উৎপাদিত হয়েছিল। তিনি আরও বলেন, এবছর ৬৮ দশমিক ৭১ টন রেণু পোনা উৎপাদন হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ১৫ দশমিক ২৩ টনের। উদ্বৃত্ত রেণু পোনা দেশের বিভিন্ন জেলার চাহিদার পূরণ করছে।

সারা দেশে মাছ উৎপাদনে যশোর জেলার অবস্থান বর্তমানে দ্বিতীয়। মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনে এ সাফল্য অব্যাহত থাকলে অচিরেই মাছ উৎপাদনে শীর্ষ স্থান অর্জন করবে যশোর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হরেন্দ্রনাথ সরকার, মাহাবুবুর রহমান, এসএম আশিকুর রহমান, বিশ্বজিৎ দেব প্রমুখ।