সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাশ্রয়ী দামে বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন বাজারে আনল নকিয়া। মডেলগুলো হল- নকিয়া ২.২ এবং নকিয়া ৩.২।
দুটি ফোনেই রয়েছে ফেস আনলক এবং গুগল অ্যাসিসট্যান্ট ফিচার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফোন দুটি দেশের বাজারে বিক্রির ঘোষণা করে নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

এ সময় উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইফফাত জহুর প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে নকিয়া ২.২ দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের। এর মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা। একই মডেলের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ভার্সনের মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। এছাড়া অন্যদিকে নকিয়া ৩.২-এর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ভার্সনের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা। এই মডেলটি একটি ভার্সনেই দেশে পাওয়া যাবে। আর অনলাই মাধ্যম দারাজ থেকেই ফোনটি কেনা যাবে।
এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, ফোন দুটিতে দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। উভয় ফোনে গুগলের অ্যাসিসট্যান্ট ব্যবহারের জন্য ফিজিক্যাল বাটন দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, নকিয়া ২.২ ফোনে আছে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস সেলফি নচ ডিসপ্লে। বিশেষ ফিচার হিসেবে আছে থ্রিডি ফেস আনলক ফিচার। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম সংবলিত ফোনটিতে ব্যাকআপের জন্য ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের রিমুভেবল ব্যাটারি দেয়া হয়েছে। ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে নকিয়া ৩.২ মডেলের ফোনে ৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস সেলফি নচ ডিসপ্লে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনের নিরাপত্তা নিশ্চিত করবে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার নন-রিমুভেবল ব্যাটারি সংযোজন করা হয়েছে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে। ছবির জন্য ৩.২ মডেলে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।









