পরিচ্ছন্নতা নগরীর তকমা গায়ে লাগিয়ে আমরা যেন ক্রমেই ঢাকার মতো নোংরা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু রাজশাহী শহরের রাস্তায় বের হলেই এখন ধুলা-বালি আর কাদায় যেনো লেপ্টে যায় শরীর। অথচ ছোট ছোট কিছু উদ্যোগ নিলে এই অবস্থা থেকে পরিক্রাণ পাওয়া যায়। পাশাপাশি রাজশাহীকে একটি মডেল নগরী হিসেবেও গড়া তোলা সম্ভব।
আচ্ছা নগরে রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য পরিচ্ছন্নতাকর্মীর কোনো প্রয়োজন আছে? মাস শেষে লাখ লাখ টাকা বেতন দিয়ে কি লাভ হয় আমাদের? রাজশাহী নগরীকে কি আদৌ পরিচ্ছন্ন দেখা যায়? তার চেয়ে সবাই একটু সচেতন হলে আর সিটি করপোরেশন থেকে রাস্তার পাশে মাঝে মাঝে একটি করে ড্রামের ঢাকনাওয়ালা ডাস্টবিন বসালে কেমন হয়?
ধরুন, একটি কলা খেলাম। কলার উচ্ছিষ্ট অংশটুকু যদি রাস্তায় না ফেলে ঢাকনাওয়ালা ডাস্টবিনে ফেলে দেয়-তাতে কি জাত যাবে? যাবে না। বরং নিজেকেও ভালো লাগবে। আবার কেউ একটা সিগারেট পান করলেন, তার বাকি অংশটুকু যদি রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলি, তাতে কি সমস্যা হবে? হবে না। একইভাবে কেউ এক প্যাকেট চিপস খেলো, থাওয়ার পরে সেটির প্যাকেটটা যদি ডাস্টবিনে ফেলি-তাতে কি সমস্যা হবে? কিছুই হবে না।

এবার আসি কড়া কথায়, যারা এরপরও রাস্তায় আবর্জনা ফেলবেন, তাদেরকে ধরে ধরে সেই আবর্জনাই তুলে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করতে হবে। এতে খুব বেশি জনবলের প্রয়োজন হবে না। প্রয়োজনে মাস খানেক বা আরো দুই-তিন মাস রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু না দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ময়লা কে ফেলছেন, সেটি দেখার দায়িত্বটুকুই পালন করুক। আর ধরে ধরে সেই ব্যক্তিদের দিয়েই আবার ময়লাগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করুক না কেন। তাহলে দেখবেন একসময় উন্নত দেশগুলোর মতো রাজশাহীর রাস্তাতেও আর কেউ ময়লা ফেলার সাহস পাবে না। আবার আমার-আপনার সন্তানরাও আর রাস্তায় কোনো ময়লা-আবর্জনা ফেলার শিক্ষা পাবে না। বরং তারা শিখবে, এগুলো রাস্তায় নয় ডাস্টবিনে ফেলতে হয়। রাস্তায় ময়লা ফেরা দণ্ডনীয় অপরাধ।
এবার আসুন শেষ কথায়। প্লাস্টিকের সেই ডাস্টবিনগুলোর তাহলে কি হবে? এটিরও সহজ সমাধান আছে। ডাস্টবিনগুলো থেকে প্রতিদিন সন্ধ্যার আগেই সিটি করপোরেশনের গাড়ী এসে ময়লা তুলে নিয়ে যাবে। আবার ডাস্টবিনগুলো যথাস্থানেই থাকবে। পাশাপাশি বাইরের দেশের মতো, অতিরিক্ত পরিচ্ছন্নকর্মীদের বেতনের টাকা দিয়ে পরিস্কার করা গাড়ীর মাধ্যমে পানি ছিটিয়ে ও ময়রা টেনে নিয়ে শহরের রাস্তা পরিস্কার করার ব্যবস্থা করতে হবে। তাহলে আর ধুলা-বালি ও কাদা খেতে হবে না আমাদের।
রাসিক মেয়রের কাছে আসুন আমরা এখন থেকে এই দাবি জানায়, রাসিক পরিস্কার রাখবো আমরাই। আপনার পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ু দিতে নয়, আবর্জনা পাহারা দিতে নিয়োজিত করেন। আর আধুনিক পরিস্কার যন্ত্রসহ গাড়ী নামান রাস্তায়। তাহলেই গড়ে উঠবে ঝকঝকে-তকতকে গ্রীণ সিটি রাজশাহী।
লেখক: সাংবাদিক
ব্যুরো প্রধান
দৈনিক কালের কণ্ঠ










