নিজস্ব প্রতিবেদক:
দৈনিক খবরপত্রের রাজশাহী ব্যুরো চীফ হুমায়ুন কবীরের (৫২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা। সোমবার (১ জুলাই) রাতে প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে, রাজশাহী প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষে সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক হুমায়ুন কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, আশির দশকের শেষ দিকে হুমায়ুন কবীর সাংবাদিকতা শুরু করেন। অপরাধ জগৎ, দৈনিক গণজাগরণ, সাপ্তাহিক দুনিয়াসহ বিভিন্ন পত্রিকায় কাজ করার পর ২০০৯ সাল থেকে জাতীয় পত্রিকা দৈনিক খবরপত্রের রাজশাহী ব্যুরো চীফ হিসেবে কর্মরত ছিলেন। সততার সাথে সাংবাদিকতা করে গেছেন। অসততাকে ঘৃণাভরে প্রত্যাখান করে এসেছেন। অনেক অর্থকষ্টে থাকলেও তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সোচ্চার ছিলেন। জীবনের শেষ দিন গত রোববার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যাটজন সমস্যা সমাধানে অটোরিক্সা স্ট্যান্ড রাখার প্রস্তাব দেন। এ সময় মেয়র এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করেন। রাজশাহী প্রেসক্লাব সবসময় এই নির্ভীক ও সৎ সাংবাদিক পরিবারের পাশে থাকবে।
অপরদিকে, গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পবিরারের সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র।
এর আগে বুকে ব্যাথা অনুভত হওয়ায় সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক হুমায়ুন কবীর মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। হুমায়ুন কবীর নগরীর রানীনগর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ছেলে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নগরীর টিকপাড়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ আদায় শেষে তাঁকে দাফন করা হয়েছে।
স/অ










