অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

নিউজ ডেস্ক২৬ জুন ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ারবাজারে সব মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সব মূল্যসূচক বাড়লেও এদিন বাজারটিতে লেনদেনে অংশ নেয়া যে ক’টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। ডিএসইতে লেনদেন হওয়া ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এদিকে মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তিনশ কোটি টাকার ঘর পেরিয়ে বাজারটির লেনদেন চারশ কোটি টাকায় পৌঁছেছে। দিনভর ডিএসইতে ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ ৭৫ কোটি ২৩ লাখ টাকা লেনদেন বেড়েছে।