সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের দুর্গম দ্বীপ ও হাওর অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ১০০ মিলিয়ন ইউরো দেবে ডেনমার্ক। ডেনমার্ক প্রস্তাবিত ‘ডিজিটালাইজেশন অব আইল্যান্ডস এলং বে-অব বেঙ্গল অ্যান্ড হাওর এরিয়া প্রকল্পের’ জন্য এই অর্থ সহায়তা দেবে দেশটি।
রোববার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসরাফ পিটারসন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এ কথা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের কমার্শিয়াল কাউন্সিলর জেকব কাল জেপসন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ তথ্যপ্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ডিজিটালাইজেশন অব আইল্যান্ডস এলং বে-অব বেঙ্গল অ্যান্ড হাওর এরিয়া প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে জানানো হয়, এ প্রকল্পে সাবমেরিন ফাইবার অপটিক ব্যবহারের মাধ্যমে দুর্গম অঞ্চলগুলোয় সংযোগ স্থাপন করে সেবা পৌঁছানো হবে। উপকূলীয় হাওর ও দেশের উত্তর-পূর্ব দ্বীপ অঞ্চলে ফাইবার অপটিক্যাল সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ও ই-সার্ভিসের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এ প্রকল্পের মাধ্যমে ১০০টি তথ্যপ্রযুক্তির রিসোর্স সেন্টার তৈরি করা হবে ও বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
প্রযুক্তির মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা যাবে। বৈঠকে আরও জানানো হয়, এই প্রকল্পে স্থাপিত অবকাঠামোর মাধ্যমে হাওর ও দ্বীপাঞ্চলের কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।
বাংলাদেশে বিনিয়োগে চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক ডেনমার্ককে আইসিটিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
হাই-টেক পার্কসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য শুল্ক মওকুফসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।









