সিল্কসিটিনিউজ ডেস্ক:
সংসদে প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল সারিনায় বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধনী ও সুবিধাভোগী শ্রেণীর কথা চিন্তা করেই প্রস্তাবিত বাজেট দেয়া হয়েছে।

এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। নতুন বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নতুন করে ঋণ ও করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এ ঋণ শোধ দিতে দেশের মানুষের ওপর সরাসরি প্রভাব পড়বে।
জাতীয় নির্বাচনে যেমন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এ বাজেটেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই।
আমীর খসরু বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত সরকার পরিচালিত দেশ হল বাংলাদেশ। অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়। জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে, একইভাবে বাজেটও দেয়া হচ্ছে। যেভাবে জনগণ এ নির্বাচন গ্রহণ করেনি, তেমনি বাজেটও গ্রহণ করবে না।
তিনি বলেন, দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি। এরাই বাজেট প্রণয়ন করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে। সুশাসনের অভাবে দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। ব্যক্তি খাতের বিনিয়োগ বন্ধ, শেয়ার বাজারে অস্থিরতা, ব্যাংকে তারল্য সংকট, রফতানির চেয়ে আমদানি বেশি হচ্ছে।
বাজেট খাবার ছাড়াই প্লেট সাজানোর মতো -সাইফুল হক : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এ বাজেট ‘অনেকটা খাবার ছাড়া প্লেট সাজানোর মতোই।
প্রস্তাবিত বাজেট আয় বৃদ্ধির সামর্থ্য ছাড়া প্রবলভাবে ব্যয়আকাক্সক্ষী। এ কারণে বাজেটের পরিমাণ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই। গত বছরের মতো এবারও বাজেট বাস্তবায়নের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই। বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।










