সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য আদালত পুরান ঢাকা থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি হয়নি।
আবেদনের সঙ্গে সম্পূরক নথি হলফনামা আকারে দাখিলের জন্য আসামি পক্ষ সময় চাইলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আজ দিন রাখেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, কায়সার কামাল, অ্যাডভোকেট ফারুক হোসেন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক উপস্থিত ছিলেন।
রিটের শুনানিতে ২৮ মে খালেদা জিয়ার আইনজীবীদের কাছে আদালত কিছু বিষয়ে প্রশ্ন রেখেছিলেন। সেসব প্রশ্নের আইনি জবাব দিতে সময় চাওয়ায় আদালত সোমবার শুনানির জন্য রাখেন। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী কিছু সম্পূরক নথি হলফনামা আকারে দাখিল করার জন্য শুনানি ‘নট টুডে’ রাখার মৌখিক আবেদন করেন। পরে আদালত আজ দিন রাখেন।
এজে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, নাইকো এবং অন্যান্য মামলার বিশেষ আদালতকে স্থানান্তর করা হয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। যেটা আইনসিদ্ধ হয়নি। এটা বেআইনি এবং সংবিধান পরিপন্থী। তিনি বলেন, আগেও সে রিটের শুনানি হয়েছে, আজও শুনানির জন্য ছিল। এর মধ্যে কিছু কাগজপত্র দাখিল করতে চেয়েছিলাম। সে কাগজপত্র দাখিল করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হয়। আদালত সে অনুমতি দিয়েছেন।
এখন সেগুলো এফিডেভিট করে দাখিল করতে হবে। যেহেতু এফিডেভিট করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যাবে, সেহেতু আমরা বলেছি শুনানিটা আজ না করে আগামীকাল করলে ভালো হয়। আদালতও সম্মত হয়েছেন। আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে ২৬ মে রিট আবেদন করেন খালেদা জিয়া।










