সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়ার অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে: বিএসএমএমইউ পরিচালক

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
খালেদা জিয়ার অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে: বিএসএমএমইউ পরিচালক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে কারাগারে থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। তিনি বলেন,খালেদা জিয়া ভালো আছেন। আশা করি, আরও ভালো হবেন।

শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পকে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউতে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া ডায়াবেটিসে আক্রান্ত। এটা নিয়ন্ত্রণে এসে যাবে, এর জন্য সময় লাগবে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে পারেন নি জানিয়ে মাহবুবুল হক জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত তাকে মেডিকেল বোর্ড দেখেছেন, তিনি ভালো ছিলেন। তিনি ওষুধ খাচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয় খালেদা জিয়াকে।তার চিকিৎসায় এ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন- রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, কার্ডিলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিলা পারভিন ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন কারাগারে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।