সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিজেদের ভুলের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে। তার জন্য এখন কথাও বলতে পারছেন না। আপনারা এত অন্যায় করেছেন যে, আপনারা বধির হয়ে গেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে বধির ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। রাজধানীর বিজয়নগরে ঢাকা সরকারি বধির স্কুল প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, নিউজিল্যান্ড একটি সভ্য দেশ, যেখানে মসজিদে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। নিউজিল্যান্ডের মতো একটি দেশে এ ধরনের হামলা মেনে নেয়া যায় না।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, সারা দুনিয়ায় যখন জঙ্গিবাদের উত্থান হয়েছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ দমন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন।
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না মন্তব্য করে তিনি বলেন, সেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপি-জামায়াতের শাসনামলে সেই বঙ্গবন্ধুর জন্মদিন তো দূরের কথা, মৃত্যুবার্ষিকীও রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো না। বরং বঙ্গবন্ধুর মৃত্যু দিনে ভুয়া জন্মদিন পালন করা হতো। বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নাসিম বলেন, আপনারা সংসদে আসুন, কথা বলুন। যে আটজন নির্বাচিত হয়েছেন সেই আটজনই সংসদে আসুন। আপনাদের নেত্রীর কথা বলুন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।










