সিল্কসিটিনিউজ ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
এ নিয়ে চলছে রাজনৈতিক মাঠে ব্যাপক আলোচনা-সমালোচনা। তারা শপথ নিলে দলীয় সিদ্ধান্ত কী হবে। আর জাতীয় ঐক্যফন্টের বড় দল বিএনপির ভূমিকাই বা কী হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে এদিন বেলা সাড়ে ১১টায় এ দু’জনকে শপথবাক্য পাঠ করাবেন।
এরআগে, ৭ মার্চ শপথ নেয়ার আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শনিবার আলাদা আলাদাভাবে স্পিকার বরাবর চিঠি দেন।
এ চিঠি পেয়েই স্পিকারের কার্যালয় দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান আয়োজনের কথা জানায়।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দু’জন শপথ নিলে তাদের ভাগ্যে কি ঘটবে- এ বিষয়টি আলোচনায় উঠে আসে। গণফোরামের একাধিক নেতা জানান, ৭ মার্চের আগেই সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের বিষয়ে দলীয় ফোরামে তারা সিদ্ধান্ত নেবেন। এ সিদ্ধান্ত চিঠির মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করা হবে।
ধারণা করা হচ্ছে, এমপি হিসেবে শপথ নেয়ার পর সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের ভাগ্য নির্ধারণে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিলে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত দুই নেতার সংসদ সদস্যপদ থাকবে কিনা তার ফয়সালা আদালতেই হবে বলে মনে করে সংবিধান বিশেষজ্ঞদের একটি অংশ।
তারা বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়া না-নেয়া সম্পর্কে সংবিধানেও স্পষ্ট করে কিছু বলা নেই। বিষয়টি নতুন করে সামনে এসেছে। তাই এটি সুরাহার জন্য শেষ পর্যন্ত তা আদালতে গড়াবে। সে ক্ষেত্রে ফয়সালা হবে আদালতেই।
সুপ্রিমকোর্টই একমাত্র সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন বলে তারা মনে করেন।
এ প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘সংসদ প্রতিষ্ঠার পর বিষয়টি এবারই প্রথম সবার সামনে এসেছে।
এ বিষয়ে সংবিধানেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তাই হুট করে তাদের সদস্যপদ থাকা না-থাকা নিয়ে বলাটা কঠিন।
তিনি আরও বলেন, সংবিধানে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় শেষ পর্যন্ত তা আদালতে গড়াতে পারে। আদালতই এর ফয়সালা দেবেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, ‘কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনও ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।’
অবশ্য এ ইস্যুতে সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে আরও দু’ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে। একপক্ষ বলেছে, দলের সিদ্ধান্তের সঙ্গে শপথ গ্রহণ এবং সদস্যপদ না থাকার কোনো সম্পর্ক নেই।
এ অংশের মতে, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য শপথ নেবেন- এটাই স্বাভাবিক। শপথ নেয়ার পর যদি কেউ সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ৭০ অনুচ্ছেদ লঙ্ঘন করেন তখন তার সদস্যপদ থাকা না-থাকার বিষয়টি সামনে আসবে।
অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞদের আরেকটি অংশ মনে করে, দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত একজন সদস্য প্রথমত দলের কাছেই দায়বদ্ধ। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো পদক্ষেপ নিলে তা হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ লঙ্ঘনের শামিল। এ অংশের মতে, এ কারণে শপথ নিলেও সদস্যপদ হারাবেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হন। তাই শপথ নেয়া তার অধিকার।
এমনকি এটি তার সাংবিধানিক দায়িত্ব। বরং নির্বাচিত হয়েও শপথ না নিলে তিনি কার্যত সংবিধান লঙ্ঘন করবেন।
তিনি বলেন, শপথ নেয়ার পর যদি কেউ সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিয়ে ৭০ অনুচ্ছেদ লঙ্ঘন করেন- তখন তার সদস্যপদ থাকা না-থাকার বিষয়টি সামনে আসবে। এর আগে এ বিষয়টি সামনে আসার কোনো কারণ নেই।
অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত একজন সদস্য প্রথমত দলের কাছেই দায়বদ্ধ। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো পদক্ষেপ নিলে তা হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ লঙ্ঘনের শামিল।
তিনি আরও বলেন, এ কারণে শপথ নিলেও সদস্যপদ হারাবেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। আর মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। তারা দু’জনই ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের স্থায়ী কমিটির সদস্য।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও দলীয় সিদ্ধান্তে এতদিন শপথ নেননি তারা। তবে এবার তারা দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করেই স্বাধীনতার এ মাসে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত রয়েছে- একাদশ সংসদ নির্বাচনে জোট থেকে নির্বাচিত আটজনের কেউই শপথ গ্রহণ করবেন না। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করলে তাদের দল থেকে বহিষ্কার করার চিন্তা রয়েছে গণফোরামেরও।
দলের দুই সংসদ সদস্যের শপথ নেয়ার বিষয়ে জানতে চাইলে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, আমরা (জাতীয় ঐক্যফ্রন্ট) এখন পর্যন্ত শপথ না নেয়ার সিদ্ধান্তে অটল রয়েছি। এখন কেউ এ সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী যদি বহিষ্কারের নিয়ম হয়, তাহলে তাদের বহিষ্কার করা হবে।










